২৪ ঘণ্টার মধ্যে ফের মাটি কাঁপিয়ে দিল ভূমিকম্প! রবিবারের পর সোমবার সকালে চরম আতঙ্ক

সপ্তাহের শুরুতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের রাজধানী লেহ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে অনুভূত হওয়া এই মৃদু কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৫ ছিল।
আজ, সোমবার ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এনসিএস-এর তথ্য অনুযায়ী, মাটি থেকে প্রায় ১২০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। এর আগে গতকাল অর্থাৎ রবিবারও বিকেল ৩টে ৩৪ মিনিটে ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল লেহ অঞ্চলে। সেটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, লেহ ছাড়াও সোমবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের চম্বা জেলাতেও একটি মৃদু কম্পন অনুভূত হয়েছে। এনসিএস জানিয়েছে, হিমাচলের সেই কম্পনের মাত্রা ছিল ৩.০ এবং এর উৎসস্থল ছিল মাটি থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। পরপর এই ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।