এক মুঠো দামি শখের কিদাম দিল পুরো পরিবার! আইফোন কাণ্ডে মর্মান্তিক মৃত্যুর আগে কী লিখেছিলেন সঙ্গীতা?

আইফোন কেনার বায়না আর তার জেরে ঘটা পারিবারিক অশান্তির বলি হলেন একই পরিবারের তিনজন। পাহাড়ে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টার সময় মুহূর্তের মধ্যে ঘটে গেল মর্মান্তিক বিপত্তি। আর এই ঘটনার পরেই প্রকাশ্যে এসেছে নিহত তরুণী সঙ্গীতা চন্দগুড়ের সোশ্যাল মিডিয়ার একটি শেষ ভিডিও, যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।

মহারাষ্ট্রের এই হৃদয়বিদারক ঘটনায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রাণ হারিয়েছেন কুণাল চন্দগুড়ে, মুরলীধর চন্দগুড়ে এবং সঙ্গীতা চন্দগুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন কুণাল। কিন্তু সেই ফোনের কিস্তির টাকা মেটানোর জন্য পরিবারের কাছে বারবার তাগাদা দিচ্ছিলেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বাবা সেই টাকা দিতে অপারগ হন, আর তা নিয়েই বাড়িতে শুরু হয় তুমুল অশান্তি।

বাবার সঙ্গে তীব্র বচসার পর বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় খাভদ্যা পাহাড়ে চলে যান কুণাল। শুক্রবার সকালে পাহাড়ের চূড়ায় উঠে তিনি আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন। খবর পেয়ে তাঁর বাবা-মা ছাড়াও স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রায় তিন ঘণ্টা ধরে অদম্য চেষ্টা চালান উদ্ধারকারীরা। পাহাড়ে নিচে সুরক্ষাজাল পাতার কাজও শুরু হয়েছিল। কিন্তু পাহাড়ের কিনারায় কুণাল বারবার নিজের অবস্থান বদলাতে থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দুপুর একটার দিকে কুণালের বাবা মুরলীধর ছেলের আরও কাছে পৌঁছানোর চেষ্টা করতেই পা ফসকে কুণাল নিচে পড়ে যান। ছেলেকে বাঁচাতে গিয়ে তৎক্ষণাৎ খাদে পড়ে যান বাবা মুরলীধরও। আর ঠিক তার পরেই পাহাড় থেকে নিচে ছিটকে পড়েন সঙ্গীতা। চোখের পলকে একটি পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

এদিকে এই মর্মান্তিক ঘটনার পরই সংবাদমাধ্যমের নজরে এসেছে সঙ্গীতা চন্দগুড়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। ইউটিউবে তাঁর প্রায় উনত্রিশ হাজার ফলোয়ার ছিল। মৃত্যুর ঠিক আগের দিন তিনি সম্পর্ক এবং জীবনের টানাপোড়েন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। মারাঠি ভাষার সেই এক মিনিটের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, সম্পর্কের ক্ষেত্রে যে মানুষটি আপনার ভালোবাসার বা কাজের মূল্য দেয় না, সেই ব্যক্তির জন্য জীবন উৎসর্গ করে কোনো লাভ নেই। পারস্পরিক সম্মান না থাকলে এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়—এমন একটি মোটিভেশনাল বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। শখের একটি আইফোন এবং সামান্য কিস্তির টাকা কীভাবে একটি পুরো হাসিখুশি পরিবারকে মুহূর্তের মধ্যে গ্রাস করে নিল, তা ভেবেই শিউরে উঠছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *