ঘুম থেকে উঠে ‘নাটু নাটু’ নাচলেন শাহরুখ, জানালেন অভিনেতা স্বয়ং
দারুণ সাফল্য ভারতীয় সিনেমার ক্ষেত্রে। এসএস রাজামৌলী পরিচালিত ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। সেরা গানের তালিকায় মনোনীত হয়েছিল সেটি এবং হাতে এসেছে পুরস্কার।
ভারতের জন্য এ দিনটা সত্যিই জয়ের। এই খবরে খুশি হয়ে সকাল সকালই টিম ‘আরআরআর’কে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানও।
বলিউড অন্দরের অনেকে বলছেন, শাহরুখ খান নাকি দেরি করে ঘুম থেকে ওঠেন। সে যাই হোক! সকাল ১০টা নাগাদ তার টুইটার থেকে ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। তিনি টুইট করে জানিয়েছেন, আজ সকালে তিনি ‘নাটু নাটু’ গানের তালে নেচেই দিনটা শুরু করেছেন। বিছানা ছেড়েই জানতে পেরেছেন ‘আরআরআর’-এর এই সাফল্যের কথা এবং তখনই তিনি নাচতে শুরু করেন।
রাজামৌলীকে স্যার সম্বোধন করে কিং খান টুইটে লিখেছেন, “স্যার এই মাত্র উঠলাম। তারপরই আপনার ‘নাটু নাটু’ গানের তালে নাচতে শুরু করেছি। কেবল গোল্ডেন গ্লোব নয়, আরও অনেক পুরস্কার পাবে। ভারতকে আরও বেশি গর্বিত করবে।”
Sir just woke up and started dancing to Naatu Naatu celebrating your win at Golden Globes. Here’s to many more awards & making India so proud!! https://t.co/Xjv9V900Xo
— Shah Rukh Khan (@iamsrk) January 11, 2023
মঙ্গলবার মুক্তি পেয়েছে শাহরুখের ৪ বছর পর কামব্যাক ছবি ‘পাঠান’-এর ট্রেলার। সেই ট্রেলার দেখে কিং খানকে টুইটে বাহবা জানিয়েছিলেন রাজামৌলী। লিখেছিলেন, “ট্রেলারটি দারুণ। কিং ফিরছেন। শাহরুখ আপনাকে অনেক ভালোবাসা জানাই। ‘পাঠান’-এর পুরো টিমকে শুভেচ্ছা।” সেই মেসেজের ওপরই টপআপ করে ‘নাটু নাটু’র জন্য রাজামৌলীকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান।