বুলডোজার পৌঁছতেই ধুন্ধুমার, ছুটির সকালেই ধুন্ধুমার কাণ্ড, শেষ মুহূর্তে যা হল…?

ছুটির দিনে দক্ষিণ কলকাতার টালিগঞ্জে চরম উত্তেজনার সৃষ্টি হল। ওয়াকফ সম্পত্তি দখল করে তৈরি হওয়া একটি বিতর্কিত নির্মাণ ভাঙতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়ল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়। শেষ মুহূর্তে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে বুলডোজার চালানোর প্রক্রিয়া স্থগিত হওয়ায় বড়সড় স্বস্তি মিলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বুলডোজার নিয়ে টালিগঞ্জের সাহেব বাগান এলাকায় ওই বিতর্কিত বিল্ডিংটি ভাঙতে পৌঁছায় পুলিশ। অভিযোগ ওঠে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেআইনিভাবে দখল করে দীর্ঘদিন ধরে ওই নির্মাণটি করা হয়েছিল এবং সেটি শাসকদল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যদিও এই দাবি অস্বীকার করে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ওই ভবনে কয়েকটি পরিবার বসবাস করে। ভবনের দেওয়ালে অস্পষ্টভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ঘাসফুল প্রতীক দেখা গেলেও স্থানীয়দের দাবি, ভোটের প্রচারের সময় ওই ছবিগুলি আঁকা হয়েছিল, এটি আদতে কোনো পার্টি অফিস নয়।

অন্যদিকে, জমি দখল ও ওয়াকফ সম্পত্তি আটকের অভিযোগের প্রতিবাদ করায় মামলাকারীর উপর চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা যায়। তবে ভাঙার কাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ চলে আসে। পুরসভা ও মামলাকারীদের বক্তব্য শোনার পর আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্মাণ ভাঙার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *