রাহুলের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করতেই তীব্র আক্রমণ! সমালোচনার ঝড় উঠতেই বিস্ফোরক পোস্ট অভিনেত্রীর

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। কিন্তু মৃত্যুর এত দিন পর তাঁর ব্যক্তিগত জীবন ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সম্প্রতি প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির বহু চেনা মুখ তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অবশেষে এই বিতর্কের মুখে মুখ খুললেন মৌমিতা।
একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, না জেনেই তাঁকে নিয়ে নানা কটূক্তি করা হচ্ছে এবং সস্তা জনপ্রিয়তার মিথ্যা তকমা দেওয়া হচ্ছে। মৌমিতা লিখেছেন, “আপনারা যখন সবাই নিজে নিজেই জেনে নিলেন আমি ভিডিও পোস্ট করে মিথ্যে খবর করেছি জনপ্রিয় হওয়ার জন্যে! আমি ভিডিও কোথায় পোস্ট করে কীভাবে খবর করলাম একটু জানালে আমার সুবিধে হতো বুঝতে।”
পাশাপাশি, ইন্ডাস্ট্রির সিনিয়রদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, যারা সত্যটা জানেন তাঁরা কেন চুপ করে রয়েছেন? নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে সত্যিটা প্রকাশ করাই কি তাঁর অপরাধ ছিল? এই বিস্ফোরক পোস্টের পর বিনোদন মহলে চর্চা আরও তীব্র হয়েছে।