‘ওটা না করলে ভালোইবাসতাম না’! নিক জোনাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্কার

বলিউড থেকে হলিউড, বিশ্বজুড়ে নিজের প্রতিভার ছাপ ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিদেশি গায়ক নিক জোনাসের সঙ্গে তাঁর প্রেম থেকে শুরু করে বিয়ে—প্রতিটি পদক্ষপে নজর থাকে ভক্তদের। সম্পূর্ণ আলাদা সংস্কৃতি ও পরিবেশ থেকে এসেও কীভাবে এত বছর ধরে সফলভাবে সংসার করছেন এই তারকা দম্পতি? সম্প্রতি নিউ ইয়র্কে ‘সাইকেল অফ লাভ’ নামের একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সেই গোপন কথাই ফাঁস করলেন অভিনেত্রী।
অনুষ্ঠানে প্রিয়াঙ্কা স্পষ্ট জানান, নিক যদি ভারতীয় সংস্কৃতি ও তাঁর দেশের শিকড়কে সম্মান না জানাতেন, তবে হয়তো এই সম্পর্ক এগোতই না। তাঁর সাফ কথা, সঙ্গীর শিকড়ের প্রতি শ্রদ্ধা থাকাটা ভিন সংস্কৃতির সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় দিক। নিক প্রথম থেকেই ভারতীয় সংস্কৃতিকে মন থেকে ভালোবেসেছেন এবং সম্মান দিয়েছেন, যার ফলে তাঁদের সম্পর্কের ভিত আজ এত শক্ত হয়েছে।
সংস্কৃতির মিলছাঁড়ের পাশাপাশি একে অপরের প্রতি সদয় থাকার কথাও তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিকের নতুন গানের অ্যালবাম ‘সানডে বেস্ট’ মুক্তির পর সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা লিখেছিলেন, তিনি জীবনের সেরা সিদ্ধান্তটি নিয়েছেন। তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন যিনি শুধু ভালোবাসবেন এবং সম্মান করবেন তাই নয়, রত্নের মতো আগলে রাখবেন এবং তা প্রকাশ করতেও পিছপা হবেন না। ২০১৮ সালে ভারতীয় ও পাশ্চাত্য—উভয় রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জগতেও প্রিয়াঙ্কার সময়টা বেশ ভালো কাটছে। খুব শীঘ্রই এস এস রাজামৌলির নতুন তেলুগু ছবি ‘বারাণসী’-র মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ২০২৭ সালের সংক্রান্তিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া বহুলচর্চিত সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন এবং অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ ছবিতেও দেখা যাবে তাঁকে।