১৫ বছর ধরে পলাতক! ৭২ বছর বয়সে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত

পালিয়েও শেষরক্ষা হল না! ১৫ বছর ধরে তল্লাশির পর তোলাবাজির অভিযোগে ৭২ বছর বয়সে গ্রেপ্তার মূল অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা: পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে জালে পড়ল মূল অভিযুক্ত। তোলাবাজির একটি পুরনো অভিযোগে ৭২ বছর বয়সে হরি সিং শেখাওয়াত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃত হরি সিং রাজস্থানের জয়পুরের বাসিন্দা। ২০১৬ সালেই আদালত তাঁকে এই মামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল।
ঠিক কী ঘটেছিল ২০০৮ সালে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার সূত্রপাত ২০০৮ সালে। যে সংস্থায় হরি সিং কাজ করতেন, সেখানেই জোর করে চাঁদা আদায় এবং জুলুমবাজি চালানোর গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই বছরই তাঁর বিরুদ্ধে থানায় নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এরপর থেকেই আইনের হাত থেকে বাঁচতে তিনি আদালতের কোনো শুনানিতেই হাজিরা দেননি।
দীর্ঘ তদন্ত ও নজরদারির পর পুলিশ জানতে পারে, গ্রেপ্তারি এড়াতে তিনি প্রথমে গুজরাটে গিয়ে আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে সেখান থেকেও পালিয়ে রাজস্থানে চলে যান তিনি। সমস্ত তথ্য ও ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে দিল্লি পুলিশের স্পেশাল সেল জানতে পারে যে তিনি বর্তমানে জয়পুরেই লুকিয়ে রয়েছেন। অবশেষে সেই গোপন আস্তানা থেকেই তাঁকে পাকড়াও করা হয়।
একাধিক রাজ্যে লুকিয়ে ছিলেন অভিযুক্ত
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হরি সিং শেখাওয়াত অতীতে একাধিক মাল্টিন্যাশানাল কোম্পানিতে কাজ করেছেন। ২০০৮ সালে এক নামী কোম্পানির টাকা আত্মসাৎ বা চুরি করেই তিনি প্রথম চম্পট দেন। এরপর দিল্লি, গুজরাট, হরিয়ানা এবং রাজস্থান—নানা রাজ্যে ঘুরে ঘুরে দীর্ঘ ১৫ বছর পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াতেন তিনি। অবশেষে ৭২ বছর বয়সে এসে পুলিশের জালে ধরা পড়তে হলো তাঁকে।