১৩ বছরের কমবয়সীদের তথ্য হাতিয়ে নেওয়ার মাশুল! বিপুল অঙ্কের আর্থিক জরিমানার মুখে চিনা শর্ট ভিডিও অ্যাপ

অনলাইনে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত মামলায় বড়সড় আইনি ধাক্কার মুখে পড়ল জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক (TikTok)। শিশুদের গোপনীয়তা লঙ্ঘন এবং মার্কিন আইন অমান্য করার অভিযোগে টিকটককে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। জরিমানার এই বিপুল অর্থ মার্কিন বিচার দপ্তরে জমা করতে হবে চিনা এই সোশ্যাল মিডিয়া সংস্থাকে।

মার্কিন আইন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট জরিমানার মধ্যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অবিলম্বে জমা দিতে হবে। বাকি ১০০ মিলিয়ন ডলার আগের একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে মেটাতে হবে। আমেরিকার আদালতের এই রায়কে শিশু ও অভিভাবকদের সুরক্ষার ক্ষেত্রে একটি বড় জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সহকারী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই উডওয়ার্ড জুনিয়র স্পষ্ট জানিয়েছেন, অনলাইনে শিশুদের সুরক্ষিত রাখা এবং তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

ঠিক কী কারণে এই শাস্তি? মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৩ বছরের কম বয়সি নাবালক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল টিকটক। নিয়ম অনুযায়ী এই ধরনের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের কাছ থেকে স্পষ্ট অনুমতি নেওয়ার কথা থাকলেও, তা মানা হয়নি বলেই অভিযোগ ওঠে।

উল্লেখ্য, ২০২৪ সালে এই মামলা দায়ের হওয়ার পর থেকেই টিকটকের মার্কিন কাঠামোগত পরিচালনায় বড় পরিবর্তন এসেছে। চলতি বছরের জানুয়ারি মাসে আমেরিকার একটি বড় টেক জায়ান্ট ‘ওরাকেল’-এর (Oracle) সঙ্গে চুক্তি হয় টিকটকের। সেই চুক্তির ফলে আমেরিকায় প্ল্যাটফর্মটির সিংহভাগ মালিকানা এখন ওরাকেল এবং অন্যান্য মার্কিন বিনিয়োগকারীদের হাতে রয়েছে। তা সত্ত্বেও আগের এই গুরুতর অপরাধের দায়েই আদালতের এই বিশাল অঙ্কের জরিমানার নির্দেশ কার্যকর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *