চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য বড় খবর! রাজ্য সরকারের নতুন পেশা করের তালিকায় বড় রদবদল, জেনে নিন আপনার কত টাকা কাটবে?

পশ্চিমবঙ্গ সরকারের পেশা কর বা ‘প্রফেশনাল ট্যাক্স’ কাঠামোয় এল বড়সড় পরিবর্তন। গত ১৮ আগস্ট অর্থ দফতরের (রাজস্ব) প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে করের নতুন এই তালিকা প্রকাশ্যে এসেছে। রাজ্যপালের নির্দেশে অর্থ সচিব সঞ্জয় বনশলের জারি করা এই নির্দেশিকায় চাকরিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত পেশাজীবীদের জন্য করের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম: নতুন নিয়ম অনুযায়ী, মাসিক বেতন ২০ হাজার টাকা পর্যন্ত হলে কোনও পেশা কর দিতে হবে না। তবে ২০ হাজার টাকা অতিক্রম করলেই কার্যকর হবে করের নতুন স্ল্যাব:
-
২০,০০০১ – ৩০,০০০ টাকা: মাসিক ১০০ টাকা।
-
৩০,০০০১ – ৫০,০০০ টাকা: মাসিক ১৪০ টাকা।
-
৫০,০০০১ – ১,০০,০০০ টাকা: মাসিক ১৭০ টাকা।
-
১,০০,০০০ টাকার বেশি: মাসিক ২০৮ টাকা। (এই নিয়ম কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।)
ব্যবসায়ী ও স্বাধীন পেশাজীবীদের কর: স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বার্ষিক আয়ের ভিত্তিতে কর নির্ধারণ করা হয়েছে। বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। এরপর পাঁচ লক্ষ পর্যন্ত ১,০০০ টাকা, দশ লক্ষ পর্যন্ত ২,০০০ টাকা এবং দশ লক্ষের বেশি আয়ে ২,৫০০ টাকা কর দিতে হবে। এছাড়া ব্যবসার বার্ষিক টার্নওভারের ভিত্তিতেও কর ধার্য করা হয়েছে, যা কার্যকর হবে ১ এপ্রিল, ২০২৭ থেকে।
কাদের জন্য বছরে ২,৫০০ টাকা বাধ্যতামূলক? বিজ্ঞপ্তির ‘পার্ট-সি’ তালিকায় কিছু পেশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শপিং মল, এসি রেস্তোরাঁ, জিম, বিউটি পার্লার, নার্সিংহোম, পেট্রোল পাম্প এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের জন্য বছরে ২,৫০০ টাকা পেশা কর বাধ্যতামূলক করা হয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছে আধুনিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রও। এখন থেকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, ওটিটি প্রযোজক, অনলাইন এডুকেটর ও ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিকদেরও এই নির্দিষ্ট করের আওতায় আসতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ১. কোনো ব্যক্তি যদি একাধিক স্তরের আওতায় পড়েন, তবে সর্বোচ্চ করের হারটিই তাকে পরিশোধ করতে হবে। ২. বিএসএফ জওয়ানরা এই করের আওতার বাইরে থাকবেন। ৩. নতুন এই কর কাঠামো নিয়ে কোনো আপত্তি বা পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে সরকারকে জানানোর সুযোগ রয়েছে।
তথ্যসূত্র: অর্থ দফতর (রাজস্ব), পশ্চিমবঙ্গ সরকার।