‘স্কুলের পঠন-পাঠন যেন ব্যাহত না হয়’, শিক্ষকদের সেনসাস ডিউটি নিয়ে জোরদার নির্দেশ বিচারপতির

জনগণনার কাজে সরকারি শিক্ষকদের নিয়োগ ঘিরে চলা আইনি টানাপোড়েনে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একাধিক শিক্ষক সংগঠনের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিয়েছেন, শিক্ষকদের জনগণনার কাজে নিযুক্ত করা গেলেও মানতে হবে বেশ কিছু সুনির্দিষ্ট ও কড়া শর্ত।

আদালতের নির্দেশ অনুযায়ী, কোনো শিক্ষককে জনগণনার দায়িত্বে পাঠাতে হলে সেনসাস ডিরেক্টরকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে তা আগে থেকেই জানাতে হবে। প্রধান শিক্ষক খতিয়ে দেখবেন যাতে ওই শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলের পঠন-পাঠন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রয়োজনে সেখানে বিকল্প শিক্ষকের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দিতে হবে এবং সেই কাজের সময়কালকে সরকারিভাবে ‘অন-ডিউটি’ বা কর্মকালীন সময় হিসেবেই বিবেচনা করতে হবে। একবার দায়িত্ব নির্ধারিত হওয়ার পর শিক্ষক তা থেকে সরে দাঁড়াতে পারবেন না।

এর আগে মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শিক্ষকদের জনগণনার কাজ করা বাধ্যতামূলক নয় এবং তাঁদের ওপর কোনো জোর করা হচ্ছে না। তবে এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাব এবং স্পষ্ট নির্দেশিকার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। অবশেষে সমস্ত দিক বিবেচনা করে পঠন-পাঠনের সুরক্ষা নিশ্চিত করার শর্ত রেখেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *