ক্লাসে ফাঁকি দিয়ে ডেটিং! ছাত্রছাত্রীদের নালিশে হাতেনাতে ধরা পড়লেন দুই শিক্ষক, তারপর…

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার একটি সরকারি মধ্য বিদ্যালয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত আচরণের অভিযোগ ওঠার পর তাঁদের অবিলম্বে অন্য স্কুলে বদলি করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ জানানো হয়, যা নিয়ে জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিচ বাহরি গ্রামের ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জেলা কালেক্টরেটে এক জনসুনানিতে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পিটিআই সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে একজন নিয়মিত শিক্ষক এবং অন্যজন অতিথি শিক্ষিকা ছিলেন। ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই দুই শিক্ষক প্রায়ই ক্লাস তাড়াতাড়ি শেষ করে একে অপরের সঙ্গে সময় কাটাতেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ছিন্দওয়ারা কালেক্টরের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। আদিবাসী কল্যাণ বিভাগের সহকারী কমিশনার সত্যেন্দ্র সিং মারকাম এবং ব্লক শিক্ষা অফিসার ওপি জোশির নেতৃত্বে এই ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তের পর সত্যতা প্রমাণিত হওয়ায় অবিলম্বে ওই দুই শিক্ষককে বিদ্যালয় থেকে সরিয়ে অন্য স্কুলে বদলি করা হয়েছে। পাশাপাশি নতুন অতিথি শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত দুই শিক্ষকই তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এবং অন্য কাউকে সেই পদে সুযোগ করে দিতে তাঁদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনায় স্কুল স্তরে ছাত্রছাত্রীদের সচেতনতা ও প্রতিবাদের বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।