পরীক্ষা শেষ হতেই সামনে এল চাঞ্চল্যকর মিল! হোয়াটসঅ্যাপের প্রশ্নপত্র মিলে যাওয়ায় বাতিল হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বৃহস্পতিবার রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ৩৪টি কলেজে বিএসসি এগ্রিকালচার দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমেস্টারের এনটমোলজি পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই পরীক্ষায় প্রায় ৫০০ জন পড়ুয়া অংশ নিয়েছিলেন। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে থাকা একটি প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের প্রায় ৭০ শতাংশ হুবহু মিলে যাওয়ার অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া
ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে শুরু হয় তীব্র শোরগোল। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ক কমিটি গঠন করে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র সংগঠনগুলি। এনএসইউআই এবং এবিভিপি—উভয় সংগঠনের পক্ষ থেকেই তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।

পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করেছেন যে, ‘পস্ট ম্যানেজমেন্ট ইন ক্রপস অ্যান্ড স্টোরেড গ্রেইনস-আই’ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশ্নফাঁসের আসল সত্যতা জানতে এবং এর পেছনে কোনো অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রায়পুরের তেলিবাঁধা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয়। এখন পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে এটি নেহাতই কাকতালীয় ঘটনা নাকি সুপরিকল্পিত ফাঁদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *