বিয়ের পিঁড়িতে বসার কোনো পরিকল্পনা নেই! অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্কে কেন এই বড় সিদ্ধান্ত নিলেন শুভ্রা শেট্টি?

বলিউডের বিতর্কিত পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী শুভ্রা শেট্টির সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই কৌতূহল ছিল সিনেপ্রেমীদের। বয়সের প্রায় দুই দশকের ব্যবধান, অনুরাগের অতীতের দুটি ভাঙা বিয়ে—সব মিলিয়ে তাঁদের রসায়ন বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে শুভ্রা শেয়ার করলেন তাঁদের সম্পর্কের অজানা অধ্যায়, যা ফের নতুন করে আলোচনার খোরাক জোগাল।

শুভ্রা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিয়ে নামের প্রথাটিতে তাঁর ব্যক্তিগতভাবে কোনো আস্থা নেই। আইনি কাগজের বাঁধনে না জড়িয়েও যে দুজন মানুষ সুখী হতে পারেন, অনুরাগ ও তিনি সেই পথই বেছে নিয়েছেন। এমনকি অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্কের কথা যখন শুভ্রা বাড়িতে জানিয়েছিলেন, তখন তাঁর বাবা-মায়ের প্রতিক্রিয়ার বিষয়টিও ছিল বেশ চমকপ্রদ।

জানা গেছে, অনুরাগের বয়স শুভ্রার বাবা-মায়ের বয়সের প্রায় কাছাকাছি—মাত্র ২-৩ বছরের ছোট! পরিচালক নিজেই স্বীকার করেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কিছুটা সচেতন হয়ে পড়েছেন। মজার ছলে শুভ্রার মা নাকি পরিচালককে ‘বকরা’ বা ‘ছাগল’ বলে ডাকেন। অনুরাগের মতে, তিনি ও শুভ্রার বাবা-মা এখন একে অপরের বন্ধু।

ফ্যান্টম ফিল্মস-এর সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় পরিচয় হয় দু’জনের। অনুরাগ সেই সময়ে তাঁর জীবনের অন্যতম সেরা ও পজিটিভ সময় কাটাচ্ছিলেন। সিনেমা দেখা, বই পড়া—এসব সাধারণ ভালোলাগা থেকেই সম্পর্কের সূত্রপাত। এর আগে আরতি বাজাজ ও কল্কি কোয়েচলিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অনুরাগের। বর্তমানে ৫৩ বছর বয়সি পরিচালক এবং ত্রিশের কোঠায় থাকা শুভ্রা সমস্ত সামাজিক প্রথার বাইরে গিয়ে এক নতুন জীবনবোধের নজির রাখছেন। তাঁদের এই ‘অপ্রথাগত’ পথ চলা সোশ্যাল মিডিয়ায় এখন নেটপাড়ার আলোচনার মূল বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *