মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যু! সিল করে দেওয়া হলো গোটা বিল্ডিং

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং একটি শিশু রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। নিরাপত্তাজনিত ঝুঁকি এবং তদন্তের স্বার্থে দমকলের তরফে পুরো বিল্ডিংটি সিল করে দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে কঠোর পুলিশি পাহারা রাখা হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনজনকে আটক করেছে পুলিশ। নিউমার্কেট থানার পুলিশ প্রথমে হোটেলের ম্যানেজার সঞ্জয় ও এক কর্মীকে আটক করে। জানা যায়, পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রের আরও একটি হোটেল রয়েছে যার নাম ‘হোটেল যাপন’, আর সেখানে ম্যানেজার ও কর্মী হিসেবে কাজ করতেন সঞ্জয় ও বিটু। এরপর গতকাল গভীর রাতে জমির মালিক আবু জাফরকেও আটক করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনা ফের দীর্ঘদিনের অব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানার মারাত্মক চিত্রটি সামনে এনেছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বহু জায়গায় অগ্নিনিরাপত্তার মতো বাধ্যতামূলক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই হোটেল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান চালানো হচ্ছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কোথায় কোথায় প্রশাসনিক গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।