তারাপীঠের পর কলকাতার হোটেল অগ্নিকাণ্ড: নবান্নের কড়া পদক্ষেপে সাসপেন্ড দমকলের বড় অফিসার!

গত সোমবার ভোরে তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বুধবার কলকাতার আরও একটি হোটেলে আগুন লাগার ঘটনায় গোটা রাজ্যে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক হোটেল ও লজে এমন দুর্ঘটনার জেরে এবার সরাসরি কড়া অবস্থান নিল নবান্ন। পরিস্থিতির গুরুত্ব বুঝে বুধবার একটি বিশেষ সাংবাদিক বৈঠকে রাজ্য প্রশাসনের কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।

এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ইতিমধ্যেই দমকল দফতরের এক অফিসারের চরম গাফিলতি খুঁজে পেয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর। আর এই অপরাধমূলক অবহেলার জেরে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রতিটি বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলকভাবে ফায়ার অডিট বা অগ্নিসুরক্ষা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু অডিটেই আটকে থাকছে না প্রশাসন। এই ধরনের বহুতল ও হোটেলগুলিকে অতীতে কারা ফায়ার এনওসি বা অনাপত্তি শংসাপত্র দিয়েছিল এবং কাদের দ্বারা ভবনগুলির সুরক্ষা পরীক্ষা (ইনস্পেকশন) করানো হয়েছিল, তা নিয়ে বিশদ তল্লাপ শুরু করেছে রাজ্য। ইতিমধ্যে দমকল দফতরের শীর্ষ আধিকারিকদের এই বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেললে যে কোনোওভাবেই রেয়াত করা হবে না, নবান্নের এই কঠোর বার্তায় এখন থেকেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট দফতরগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *