বাংলা থেকে দূরে সরছে নিম্নচাপ! আজ থেকেই কি বদলাচ্ছে আবহাওয়া? জেনেনিন দক্ষিণ ও উত্তরবঙ্গের বড় আপডেট

অবশেষে ধীরে ধীরে বাংলা থেকে সরে যাচ্ছে গভীর নিম্নচাপ। যার জেরে স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থানকারী গভীর নিম্নচাপটি ইতিমধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও এগিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের বর্তমান অবস্থান ও গতিবিধি
আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার সঙ্গে নিম্নচাপের দূরত্ব ক্রমশ বাড়ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ইতিমধ্যে কমতে শুরু করেছে। আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে ঝাড়খণ্ড, বিহার এবং বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কোথাও কোথাও সাময়িক ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। নিম্নচাপ দুর্বল হলেও আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে।
এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে পঞ্জাব থেকে উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপ কেন্দ্রের উপর দিয়ে দিঘা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা
নিম্নচাপের তীব্রতা কিছুটা কমলেও সমুদ্র পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। উত্তর বঙ্গোপসাগর এখনও উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গ: আজ বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দু-এক জায়গায় কেবল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ: অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কিছুটা আলাদা থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া
আজ বুধবার কলকাতায় ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শহরের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকালের তাপমাত্রা ও আবহাওয়ার রেকর্ড অনুযায়ী, মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.০৩ ডিগ্রি কম)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।