মাছে-ভাতে বাঙালির জয়জয়কার! বিশ্বের দরবারে স্বীকৃতি পেল বাঙালির প্রিয় রেসিপি, তালিকায় আর কে?

‘মাছে-ভাতে বাঙালি’র জন্য আরও এক নতুন গর্বের মুহূর্ত! বিশ্বসেরা খাবারের আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের দুই জনপ্রিয় মাছের পদ, যার মধ্যে একটি আমাদের বাঙালি হেঁশেলের অত্যন্ত পরিচিত এবং অতিপ্রিয় সিফুড। বিশ্বখ্যাত ফুড অ্যান্ড ট্রাভেল গাইড ‘টেস্টঅ্যাটলাস’ (TestAtlas)-এর তৈরি বিশ্বের ১০০টি সেরা এবং আইকনিক সিফুডের তালিকায় নাম তুলে নিয়েছে এই জোড়া ভারতীয় রেসিপি।
বিশ্বমঞ্চে বাঙালির চিংড়ির মালাইকারি
আন্তর্জাতিক এই তালিকার ৬৩ নম্বরে স্থান করে নিয়েছে বাঙালির অতি পরিচিত ও পছন্দের ‘চিংড়ির মালাইকারি’। রাজকীয় স্বাদের এই পদটি বাঙালি বাড়ির উৎসব-অনুষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক স্তরেও রসনাতৃপ্তির বড় নাম। অন্যদিকে, এই তালিকার ৯৪ নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণ ভারতের কেরলের বিখ্যাত পদ ‘কারিমীন পোল্লিচাথু’।
চিংড়ির মালাইকারির রেসিপি সব বাঙালিরই কম-বেশি জানা, তবে বাড়িতে কীভাবে সহজে বানিয়ে ফেলবেন কেরলের এই বিখ্যাত কারিমীন পোল্লিচাথু? রইল তার সহজ উপায়:
কারিমীন পোল্লিচাথু বানানোর উপকরণ
মাছ: কারিমীন মাছ ৪টি (না পেলে পমফ্রেট, বাসা বা তেলাপিয়া দিয়েও করা যাবে)
কোড়ানো নারকেল: আধা কাপ
তেঁতুল: ৪ টুকরো
শুকনো লঙ্কা: ৮টি
বাটা/কুচানো মশলা: আদা, রসুন ও কাঁচালঙ্কা পরিমাণমতো
গুঁড়ো মশলা: হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো
অন্যান্য: কারিপাতা (১০-১১টি), কলাপাতা (৪টি), লেবুর রস, সর্ষের তেল এবং স্বাদমতো নুন।
প্রস্তুত প্রণালী
১. মাছ তৈরি: প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবং দুই পাশে সামান্য চিরে দিন, যাতে মশলা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে।
২. মশলার পেস্ট: কোড়ানো নারকেল, তেঁতুল, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচালঙ্কা, হলুদ ও ধনে একসঙ্গে মেখে একটি মিহি পেস্ট তৈরি করে নিন। এর সঙ্গে মেশান লেবুর রস, কারিপাতা ও স্বাদমতো নুন।
৩. ম্যারিনেশন: এবার মশলার এই পেস্টটি মাছের গায়ে ও চেরা অংশে ভালো করে মাখিয়ে নিন।
৪. কলাপাতায় মোড়ানো: কলাপাতা হালকা সেঁকে নিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে নিন। এবার মশলা মাখানো মাছ কলাপাতায় রেখে ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন।
৫. রেস্ট: বাঁধা মাছগুলো অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন যাতে ম্যারিনেশনটি সেট হয়ে যায়।
৬. ভাজা: ফ্রাইং প্যানে তেল গরম করে কলাপাতায় মোড়া মাছ মাঝারি আঁচে দু’পাশ ৩ থেকে ৪ মিনিট করে উল্টে-পাল্টে ভেজে নিন।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কলাপাতায় মোড়া সুস্বাদু এই দক্ষিণ ভারতীয় পদ!