মার্কিন মুলুকে এবার ভারতীয় মডেল! ছবি-সহ ভোটার কার্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে বড় বার্তা

ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং ভোটাধিকার প্রয়োগে ছবি-সহ পরিচয়পত্রের ব্যবহারকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনুসরণযোগ্য এক দৃষ্টান্ত বলে জোরালোভাবে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট। ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE America Act) নামে ভোটার নিবন্ধনের একটি কঠোর আইন পাস করাতে মার্কিন কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে ভারতের নির্বাচন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। প্রস্তাবিত ‘সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্ট’ (সংক্ষেপে সেভ আমেরিকা অ্যাক্ট) পাস করাতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবিত এই বিলটি গত ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হলেও উচ্চকক্ষে এখনও আটকে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের প্রশাসনের কাছে প্রশ্ন রেখে জানতে চেয়েছেন, ছবি-সহ বৈধ পরিচয়পত্র ছাড়া কীভাবে আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক কাঠামোর মধ্যেই নির্বাচনী আইনের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ভারতীয় সময় মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প জানান, ভারতের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। অথচ সেখানে ডাকযোগে ভোট বা পোস্টাল ব্যালট ব্যবহার করেছেন এক শতাংশেরও কম ভোটার এবং প্রতিটি ভোটারের জন্যই একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল। ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE America Act)-এর সমর্থনে জনমত গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। এই নতুন আইনের আওতায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আমেরিকানদের নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হবে, দেশজুড়ে কঠোর ভোটার শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হবে এবং ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ ব্যাপকভাবে সীমিত করা হবে। ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, “এই মাসের শুরুর দিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের প্রশাসনকে প্রশ্ন করেছিলেন— বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া আপনারা কীভাবে যুক্তরাষ্ট্রে নির্বাচন আয়োজন করেন?” তিনি আরও লেখেন, “ভারতের সর্বশেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লাখ ভোটার অংশ নিয়েছিলেন! এক শতাংশেরও কম ভোটার ডাকযোগে ভোট দিয়েছিলেন এবং প্রতিটি ভোটারের কাছেই একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল।” এরপরই জোরালো কণ্ঠে তিনি বলেন, “আমাদের এখনই ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করতে হবে।” আমেরিকার বর্তমান আইন অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটারদের মার্কিন নাগরিক হওয়া বাধ্যতামূলক হলেও, ভোটদানের সময় নাগরিকত্বের বাধ্যতামূলক প্রমাণপত্র বা সচিত্র পরিচয়পত্র দেখানোর কড়া নিয়ম সর্বত্র নেই। প্রস্তাবিত ‘সেভ আমেরিকা আইন’ পাশ হলে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় আমেরিকানদের নিজেদের মার্কিন নাগরিক হওয়ার সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। এ ছাড়াও, ভোট দেওয়ার আগে বৈধ সচিত্র পরিচয়পত্র দেখানোও আবশ্যিক করা হবে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচন প্রক্রিয়া ও জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও, মার্কিন প্রেসিডেন্টের মুখে ভারতীয় নির্বাচন ব্যবস্থার এই উচ্চ প্রশংসা আন্তর্জাতিক মহলে বিশেষ নজর কেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *