নিম্নচাপ সরতেই কি পুরোপুরি স্বস্তি? কোন ৬ জেলায় আজ ফের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস?

কলকাতা: সোমবার প্রবল বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মঙ্গলবার কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। কলকাতার ওপর থেকে গভীর নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ওপর থেকে সাময়িকভাবে দুর্যোগের মেঘ কেটেছে। তবে বিপদ পুরোপুরি কাটেনি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে গভীর নিম্নচাপটির শক্তিক্ষয় হয়নি। বর্তমানে এটি ধীরে ধীরে সরে ঝাড়খণ্ডের ধানবাদের কাছাকাছি পৌঁছেছে। এর জেরে মূলত বাংলার পশ্চিমের জেলাগুলির পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ডে দুর্যোগ চলছে।
কোথায় কেমন আবহাওয়া থাকবে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার রাজ্যের পশ্চিমের ৬টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিশেষভাবে ভাসতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ওপর থেকে গভীর নিম্নচাপ সরে গেলেও পুরোপুরি কাটছে না মেঘ। আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, আজ ও আগামীকালের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর কোনো বড় সতর্কতা নেই এবং আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই কদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, তবে সেখানে প্রবল বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই।