টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ওঠার মিশন! প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালে ইস্টবেঙ্গল

পুরুষ দলের পর এবার নজির গড়ার হাতছানি ইস্টবেঙ্গল মহিলা দলের সামনে। দিনপাঁচেক আগে পুরুষ দল চ্যাম্পিয়ন্স লিগ-টু’র মূলপর্বে জায়গা করে নেওয়ার পর, এবার টানা দ্বিতীয়বার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ‘মশাল গার্লস’। আর সেই স্বপ্নের মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করল লাল-হলুদ ব্রিগেড। প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ম্যাচে সোমবার বাংলাদেশের শক্তিশালী দল রাজশাহী স্টারসকে ৪-০ গোলে উড়িয়ে দিল তারা। দলের হয়ে জোড়া গোল করেছেন ঘানাইয়ান মিডফিল্ডার অলিভিয়া আনোকিয়ে। এছাড়া বাকি দুটি গোল এসেছে আষ্টম ওরাওঁ এবং সৌম্যা গুগুলোথের পা থেকে।
গত মরশুমে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন হয়েই প্রিলিমিনারি রাউন্ডে জায়গা করে নিয়েছিল রাজশাহী স্টারস। ফলে এই ম্যাচটি যে বেশ হাড্ডাহাড্ডি হবে, এমনটাই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু মালয়েশিয়ার মাটিতে পড়শি দেশের ক্লাবের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ধরা দেয় লাল-হলুদ শিবির। ম্যাচের মাত্র নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ঘানা থেকে আসা নতুন বিদেশি ফুটবলার অলিভিয়া আনোকিয়ে।
এরপর ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে ভেসে আসা একটি লম্বা বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আষ্টম ওরাওঁ। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও লাল-হলুদের আক্রমণের ধার একটুও কমেনি। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে প্রথমার্ধেই ম্যাচ কার্যত নিজেদের মুঠোয় পুরে নেন অলিভিয়া।
দ্বিতীয়ার্ধেও একই রকম আধিপত্য বজায় রাখে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। থ্রু বল ধরে সৌম্যা গুগুলোথের নেওয়া শট বিপক্ষ গোলরক্ষকের ভুলে সোজা জালে জড়িয়ে যায়। অন্যদিকে, সারা ম্যাচে দারুণ জমাট ও আঁটোসাটো রক্ষণভাগ বজায় রেখে ক্লিনশিট রেখেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
উল্লেখ্য, প্রিলিমিনারি রাউন্ডের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারসের পাশাপাশি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়ার সাবাহ এফএ ও গুয়ামের রোভার্স এফসি। প্রিলিমিনারি রাউন্ডের প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দলগুলি সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রোভার্স এফসির মুখোমুখি হবে মশালবাহিনী এবং ২৩ অগস্ট গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সাবাহ এফসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। গত বছরও প্রিলিমিনারি রাউন্ড পার করেই মূলপর্বে প্রবেশ করেছিল তারা এবং দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ম্যাচ জেতার ইতিহাস গড়েছিল। এবারেও সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে আরও দূরে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য লাল-হলুদ শিবিরের।