নিরামিষের দিনে মাত্র কয়েকটি উপকরণেই রেস্তোরাঁ স্টাইলের সয়াবিনের মুইঠ্যা! রইল একদম সহজ রেসিপি

নিরামিষের দিনগুলিতে রান্নাঘরে কী তৈরি করা হবে, তা নিয়ে গৃহিণীদের চিন্তার শেষ থাকে না। বিশেষ করে সয়াবিনের নাম শুনলেই পরিবারের অনেকেরই মুখে বিরক্তি ভাব দেখা যায়। তবে একটু অন্যভাবে রান্না করলে এই সাধারণ সয়াবিন দিয়েই বানিয়ে ফেলা যায় অসাধারণ এক পদ। চিতল মাছের মুইঠ্যা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজ আপনাদের জন্য রইল সয়াবিন দিয়ে তৈরি সুস্বাদু নিরামিষ মুইঠ্যার সহজ রেসিপি, যা স্বাদ ও গঠনে চিতল মাছের মুইঠ্যাকেও হার মানাবে।
প্রয়োজনীয় উপকরণ:
সয়াবিন: ১০০ গ্রাম
সর্ষের তেল: ৫ টেবিলচামচ
বেসন: ২ টেবিলচামচ
আদা-কাঁচালঙ্কা বাটা: ২ টেবিলচামচ
জিরেগুঁড়ো: আধ চা-চামচ
ধনেগুঁড়ো: আধ চা-চামচ
হলুদ গুঁড়ো: আধ চা-চামচ
কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো: আধ চা-চামচ
গরমমশলার গুঁড়ো: ২ চিমচে
চিনি: আধ চা-চামচ
ফোড়নের জন্য: ১টি তেজপাতা, ১টি এলাচ, ১টি ছোট দারচিনি, ২ চিমটে গোটা জিরে এবং এক চিমটে হিং
সবজি ও মশলা: ১টি মাঝারি টম্যাটো, ১টি বড় আলু, ২টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
তৈরির সহজ প্রণালী:
মুইঠ্যা প্রস্তুত করার পদ্ধতি: প্রথমে সয়াবিনগুলি ভালো করে সেদ্ধ করে জল নিংড়ে নিন। এরপর মিক্সারে দিয়ে সেদ্ধ সয়াবিন ভালোভাবে পেস্ট বা গ্রাইন্ড করে নিন।
মন্ড তৈরি ও ভাজা: এবার একটি পাত্রে গ্রাইন্ড করা সয়াবিনের সঙ্গে পরিমাণমতো নুন, হলুদ, আদা-কাঁচালঙ্কা বাটা, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো, গরমমশলার গুঁড়ো এবং বেসন ভালো করে মিশিয়ে নিন। সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে ছোট ছোট গোল গোল বল বা মুইঠ্যার আকারে গড়ে নিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে মুইঠ্যাগুলি সোনালী ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন।
ঝোল ও গ্রেভি তৈরি: ওই তেলেই তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে এবং হিং ফোড়ন দিন। এরপর টম্যাটোকুচি ও অল্প আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে কেটে রাখা আলু দিয়ে ৩-৪ মিনিট কষুন।
কড়াইয়ে ২ কাপ গরম জল ঢেলে স্বাদমতো নুন ও চিনি দিয়ে ঢাকা দিন। ঝোল ফুটতে শুরু করলে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
পরিবেশন: ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা সয়াবিনের মুইঠ্যাগুলি গ্রেভিতে ছেড়ে দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস, গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একেবারে তৈরি লোভনীয় সয়াবিনের মুইঠ্যা!