তারাপীঠের হোটেলে মধ্যরাতে ভয়াবহ আগুন! ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৫ জনের, চাঞ্চল্য এলাকায়

তারাপীঠের একটি বেসরকারি হোটেলে মধ্যরাতে ঘটে গেল এক মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জন আবাসিকের। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পর্যটক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।
প্রতিদিনের মতো পর্যটকে ভরপুর ছিল হোটেলটি। হঠাৎই মাঝরাতে এই বিপর্যয় নেমে আসায় হোটেল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো চত্বর। অনেক আবাসিক কোনওমতে বেরিয়ে আসতে সক্ষম হলেও, যারা ঘরের ভেতরে আটকে পড়েছিলেন, তাঁদের মধ্যে পাঁচ জনের করুণ পরিণতি হয়।
ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। মৃত ও আহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। কীভাবে এই আগুন লাগল এবং ওই হোটেলের অন্দরে অগ্নিকাঙ্গ প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা তারাপীঠ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।