ভারতেই বসে পাকিস্তানি সেনাকে উড়িয়ে দেওয়ার ছক! বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাংলার যুবক

বেঙ্গালুরু: দেশের মাটিতে বসেই পাকিস্তান সেনার ওপর হামলার ছক কষার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে জাতীয় স্তর। পশ্চিমবঙ্গের এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর এক সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনা করার মারত্মক অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আসফুল মালিক বিন আবেদ মালিক (২৫)। তিনি জিগানির একটি এলাকায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তাঁর গোপন অভিসন্ধি ও নাশকতার পরিকল্পনার কথা আগে থেকেই গোয়েন্দাদের কাছে পৌঁছে গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই গত ১১ অগাস্ট বেঙ্গালুরুর বোম্মাসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে তাঁকে আটক করা হয়।
সোশ্যাল মিডিয়া থেকে জঙ্গি যোগাযোগ
তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মসজিদ ও সাধারণ মানুষের ওপর পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিত আসফুল। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনী ইজরায়েলকে সমর্থন করছে এবং প্যালেস্টাইনের মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না—এমন নানা বিষয়ে সোচ্চার ছিল সে।
ফেসবুকের মাধ্যমেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের বশবর্তী হয়ে ইমরান আহিন্দর নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হয় আসফুলের। ওই ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিটিপি-র আফগানিস্তান শাখার সদস্য বলে পুলিশের দাবি। পাক সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই সে আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিল। এমনকি সেই উদ্দেশ্যে পাসপোর্ট তৈরি করে ভিসার জন্যও আবেদন করেছিল অভিযুক্ত, যদিও শেষ পর্যন্ত তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।
আইনি পদক্ষেপ ও তদন্ত জারি
ধৃত যুবকের মোবাইল ফোন খুঁটিয়ে দেখে বেশ কিছু সন্দেহজনক বার্তা ও অডিও রেকর্ডিং উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১১৩(৩) ধারায় হেব্বাগোডি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই ধারাটি মূলত সন্ত্রাসবাদী কার্যকলাপের ষড়যন্ত্র, চেষ্টা এবং প্ররোচনার মতো গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত। এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে অন্য কোনো বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।