শিয়ালদা থেকে এসি লোকাল নিয়ে বড় আপডেট! ২০ অগাস্ট থেকে কোন রুটে ছুটবে এই ট্রেন?

শিয়ালদা থেকে চলাচলকারী এসি লোকাল যাত্রীদের জন্য এল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আপডেট। ৩৩৩৪৯ নম্বর শিয়ালদা-বারাসত এসি লোকালের রুট সম্প্রসারণের বড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে আগামী ২০ অগাস্ট থেকে এই ট্রেনটি আর শুধু বারাসত পর্যন্ত নয়, সোজা শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত চলাচল করবে।

নতুন সময়সূচি ও রুট পরিবর্তন

রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপ ও ডাউন উভয় লাইনেই এই ট্রেনের সময় এবং যাত্রাপথে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে:

  • আপ ট্রেন (৩৩৩৪৯): এতদিন এই এসি লোকালটি শিয়ালদা থেকে সকাল ১০টা বেজে ৩৩ মিনিটে ছেড়ে বারাসত স্টেশনে পৌঁছত সকাল ১১টা বেজে ১৪ মিনিটে। আগামী ২০ অগাস্ট থেকে ট্রেনটি নির্দিষ্ট সময়ে বারাসত স্টেশনে পৌঁছানোর পর সেখানে সামান্য বিরতি নিয়ে ১১টা ১৮ মিনিটে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেবে এবং দুপুর ১২টা বেজে ২৩ মিনিটে বনগাঁ স্টেশনে গিয়ে পৌঁছবে।

  • স্টপেজ সংক্রান্ত তথ্য: বারাসত থেকে বনগাঁ যাওয়ার পথে ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর এবং চাঁদপাড়া স্টেশনে থামবে। তবে যাত্রাপথে গুমা, সংহতি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে এই এসি লোকালটি দাঁড়াবে না।

  • ডাউন ট্রেন (৩৩৪৪২): অন্যদিকে, ডাউন লাইনেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন ৩৩৩৪২ ডাউন এসি লোকালটি বারাসত থেকে ছাড়লেও, ২০ অগাস্ট থেকে তা সরাসরি বনগাঁ স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। দুপুর ১২টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে এই ট্রেনটি দুপুর ২টো ২৫ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে।

  • ডাউনের স্টপেজ: ফেরার পথে এই ট্রেনটি বিভূতিভূষণ অভয়ারণ্য হল্ট, সংহতি, গুমা, হৃদয়পুর, নিউ বারাকপুর, বিশরপাড়া এবং দুর্গানগর স্টেশনে থামবে না বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেলের অন্যান্য পরিবর্তন

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল শিয়ালদা সেকশনের বিভিন্ন রুটে একাধিক পরিবর্তন এনেছে। কিছুদিন আগেই শিয়ালদা-রানাঘাট এসি লোকালেও বড়সড় রুট ও স্টপেজ পরিবর্তন করা হয়েছিল। নতুন এই ঘোষণায় বনগাঁ ও বারাসত লাইনের নিত্যযাত্রীরা যে বিশেষভাবে উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *