‘আরবান’-এর পর মোদীর মুখে ‘দিমাগি নকশাল’! কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী?

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে তেরঙ্গা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে নতুন সংকল্প এবং বড় স্বপ্ন দেখার বার্তা দিয়ে তিনি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তবে তাঁর এই ভাষণের অন্যতম বড় আকর্ষণ ছিল একটি নতুন শব্দের প্রয়োগ। দেশের নিরাপত্তা এবং সামাজিক ঐক্যের বার্তা দিতে গিয়ে তিনি ‘দিমাগি নকশাল’ বা মানসিক নকশাল শব্দটি ব্যবহার করেন। দেশের যুব সমাজকে হিংসা ও নৈরাজ্যের পথ ছেড়ে ঐক্য এবং গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ঠিক কী বললেন প্রধানমন্ত্রী?
নরেন্দ্র মোদী সতর্ক করে বলেন, জঙ্গল থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করা গেলেও ‘দিমাগি নকশালরা’ এখনও সুযোগের অপেক্ষায় বসে আছে। তাদের দ্রুত চিহ্নিত করার উপর জোর দিয়েছেন তিনি। দেশবাসীর কাছে তাঁর স্পষ্ট আহ্বান, এই মানসিক নকশালদের সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী ‘আরবান নকশাল’ শব্দটি ব্যবহার করে চর্চায় এসেছিলেন। তবে ‘দিমাগি নকশাল’ শব্দের প্রয়োগ এই প্রথম।
জঙ্গলের বদলে মগজাস্ত্রে শান
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সমাজে হিংসা ও নৈরাজ্য ছড়ানো মানসিকতার লোকেদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন। তাঁর মতে, কিছু মানুষ সমাজকে বিভ্রান্ত করতে নানা ধরনের ফন্দি আঁটছে। এই ধরনের ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করা জরুরি।
মোদী বলেন, “আমরা মাওবাদ নির্মূল করার কড়া অঙ্গীকার করেছিলাম। একবিংশ শতাব্দীতে দশকের পর দশক ধরে চলে আসা এই বাধাগুলো দূর করা অত্যন্ত জরুরি ছিল। নকশালবাদ ও মাওবাদ লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করেছে। বহু মায়ের কোল খালি করেছে, বাবা মায়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।”
প্রধানমন্ত্রী আরও জানান, জঙ্গলের নকশালদের জায়গা এখন নিচ্ছে শহর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবী মহলে সক্রিয় থাকা এই ‘দিমাগি নকশালরা’। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সশস্ত্র নকশালরা শেষ হয়ে গেলেও, দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে আছে। এদের চিহ্নিত করা ভীষণ দরকার। এই নির্দিষ্ট গোষ্ঠী সরাসরি অস্ত্র হাতে তুলে নেয় না ঠিকই, কিন্তু তাদের মতাদর্শের মাধ্যমে দেশে নৈরাজ্য ও চরম বিভ্রান্তি ছড়াতে চায়।