স্বাধীনতা দিবসেই বিরাট ধাক্কা! আচমকাই ব্লক করা হল সিজেপি-র ইনস্টাগ্রাম পেজ?

দেশের ৮০তম স্বাধীনতা দিবসের দিনেই সাইবার দুনিয়ায় বড় ধাক্কার মুখে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। দলের ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজটি আচমকাই ব্লক বা অচল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ একটি পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন সিজেপি-র অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)।

স্বাধীনতার উদযাপনের দিনে এই ধরনের ঘটনায় সরাসরি কোনো নির্দিষ্ট পক্ষকে আক্রমণ না করলেও, নেপথ্যে থাকা শক্তির তীব্র সমালোচনা করে দিপকে তাঁদের ‘কাপুরুষ’ বলে তোপ দাগেন। জানা গেছে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের একটি সংবেদনশীল ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, “এই ছবি প্রমাণ করে আমাদের স্বাধীনতার পরেও আরও অনেক পথ চলতে হবে।” এর কিছুক্ষণ পরেই আরও একটি পোস্টে তিনি ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “ওরা ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজটি সরিয়ে দিয়েছে। কী কাপুরুষ!”

গ্রামবাংলার শিক্ষা নিয়ে নতুন আন্দোলনের ডাক

ইনস্টাগ্রাম পেজ ব্লক হওয়ার এই উত্তেজনার মাঝেই স্বাধীনতা দিবসে নিজের গ্রাম থেকে একটি অভিনব জনকল্যাণমূলক কর্মসূচির সূচনা করেছেন অভিজিৎ দিপকে। নাম দেওয়া হয়েছে ‘স্কুল বাঁচাও কর্মসূচি’। এই উদ্যোগের বিষয়ে তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে পরিকাঠামোহীন হাজার হাজার স্কুলে সরাসরি পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে তাঁদের দল। সরকার এবং স্কুল কর্তৃপক্ষের কাছে উপযুক্ত শিক্ষা, নিরাপদ পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচাগারের মতো মৌলিক পরিকাঠামো নিশ্চিত করার দাবি জানানো হবে।

এই কর্মসূচি কীভাবে রূপায়ণ করা হবে, তার রূপরেখাও স্পষ্ট করেছেন দিপকে। তিনি জানান, এর জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। সেই টিমগুলি বিভিন্ন স্কুল পরিদর্শন করে পরিকাঠামোগত খামতিগুলি চিহ্নিত করবে এবং দ্রুত তা পূরণের জন্য স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে বাধ্য করবে। শনিবার স্বাধীনতা দিবসের দিনই মহারাষ্ট্রে নিজের গ্রামের স্কুলে গিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পাশাপাশি, স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও এই মহৎ উদ্যোগে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *