অবশেষে অপেক্ষার অবসান! বাংলাতেও চালু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’, ১৬ আগস্ট থেকে মিলবে মেগা সুবিধা

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রের মেগা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। শুক্রবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায়। এতদিন নানা কারণে বাঙালি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকলেও আগামী ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ পালনের মাধ্যমেই এই ঐতিহাসিক পরিষেবার সূচনা হতে চলেছে রাজ্যে।
সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী নিজে এই বিশেষ দিনটির নাম রেখেছেন ‘আয়ুষ্মান দিবস’। এর মাধ্যমে বাংলার মানুষ ফের একবার দেশের বাকি রাজ্যগুলির সঙ্গে একই লাইনে হাঁটবে। এই প্রকল্পের ফলে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের প্রায় ৬ কোটি মানুষ সরাসরি যুক্ত হবেন।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ তো বটেই, পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা প্রত্যেকেই ‘আয়ুষ্মান ভারত’-এর আওতায় আসবেন। এক্ষেত্রে কাউকেই বাদ দেওয়া হবে না। তবে যেসব পরিবার এই কেন্দ্রীয় প্রকল্পের বাইরে থেকে যাবে, তাঁদের প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় নিয়ে আসা হবে। বর্তমান স্বাস্থ্য বীমা প্রকল্পগুলি আপাতত চালু থাকলেও, ধীরে ধীরে তা নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হবে। স্বাধীনতা দিবসের ঠিক পরেই স্বাস্থ্য ক্ষেত্রের এই বড় ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তির আবহ তৈরি হয়েছে।