আইন জানাশোনা এখন জলের মতো সহজ! নতুন রূপ নিয়ে এল ইন্ডিয়া কোড পোর্টাল, বড় ঘোষণা অর্জুন রাম মেঘওয়ালের

আইনি তথ্য ও দেশের আইন কানুন সাধারণ মানুষের আরও দোরগোড়ায় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্র। বৃহস্পতিবার নতুন দিল্লিতে আইন ও বিচার মন্ত্রকের রাষ্ট্রেমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের হাত ধরে আত্মপ্রকাশ করল নতুন রূপে সাজানো ‘ইন্ডিয়া কোড পোর্টাল’ (India Code Portal)। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে আইনজীবী ও সরকারি বিভাগগুলি খুব সহজেই যেকোনো আইন এবং তার খুঁটিনাটি তথ্য খুঁজে পাবেন।

এআই এবং ভয়েস সার্চের যুগান্তকারী সংযোজন
নতুন এই পোর্টালটিকে সম্পূর্ণ আধুনিক ও ব্যবহারকারী-বান্ধব করে তুলতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি। এর ফলে পোর্টালটিতে এখন থেকে এআই-চালিত স্মার্ট সার্চ, সেমান্টিক সার্চ এবং ভয়েস বা স্পিচ সার্চের সুবিধা মিলবে। অর্থাৎ, শুধু টাইপ করাই নয়, মুখে কথা বলেই প্রয়োজনীয় আইনি তথ্য খুঁজে নেওয়া সম্ভব হবে।

সবচেয়ে বড় কথা, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে থাকা সমস্ত ২২টি অঞ্চলিক ভাষাতেই এআই-এর সহায়তায় আইনগুলো পড়ার এবং বোঝার সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রতিটি কোণ থেকে সাধারণ মানুষ নিজের মাতৃভাষায় আইনি তথ্য জানতে পারবেন।

এক ক্লিকেই মিলবে পুরোনো ইতিহাস থেকে সংশোধনী
নতুন পোর্টালটিতে শুধু মূল আইনই নয়, তার সঙ্গে যুক্ত সমস্ত সংশোধনী, সাবঅর্ডিনেট লেজিসলেশন এবং আইনি ইতিহাস একে অপরের সঙ্গে নিখুঁতভাবে লিংক করা হয়েছে। এর ফলে একটি নির্দিষ্ট আইন সম্পর্কে জানতে চাইলে তার পুরো ব্যাকগ্রাউন্ড বা আইনি ইতিহাস স্ক্রিনের সামনে চলে আসবে।

এছাড়াও ই-গেজেট ইকোসিস্টেমের সঙ্গে পোর্টালটিকে যুক্ত করা হয়েছে। কিউআর কোড (QR Code) স্ক্যান করে নথি দেখার সুবিধা, উন্নত ডকুমেন্ট ভিউয়ার এবং একটি কার্যকর সিটিজেন ফিডব্যাক সিস্টেমও যুক্ত করা হয়েছে এতে। সরকারের লক্ষ্য, এই পোর্টালটিকে কেবল একটি আইনি ডেটাবেস বা সংগ্রহশালা না রেখে একটি পূর্ণাঙ্গ ও গতিশীল ‘ডিজিটাল নেটওয়ার্ক’ হিসেবে গড়ে তোলা। স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পথে এটি একটি বড় মাইলফলক বলেই মনে করছে আইনি মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *