মৃত বাবার আঙুলের ছাপ নেওয়া হচ্ছে সাদা কাগজে! সম্পত্তি নিয়ে লখনউয়ের লোমহর্ষক ভিডিয়ো দেখেই শিউরে উঠবেন

উত্তরপ্রদেশের লখনউ থেকে সামনে এল এক অমানবিক ও শিহরণ জাগানো ঘটনা। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে এক মৃত ব্যক্তির আঙুলের ছাপ সাদা কাগজে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর নিজের ছেলের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কী ঘটেছিল লখনউয়ের খারাউহা গ্রামে?
মৃত ব্যক্তির নাম ছত্রপাল (৭৫)। অভিযোগ, তাঁর ছেলে মহেন্দ্র ও পুত্রবধূ লক্ষ্মী দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা এবং তিন বোনকে চরম নির্যাতন করে আসছিলেন। ২০২৩ সালে ছত্রপাল ও তাঁর স্ত্রীকে পৈতৃক বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর বাধ্য হয়ে তারা আত্মীয় ও তিন মেয়ের আশ্রয়ে দিন কাটাচ্ছিলেন। মেয়েরাই বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করতেন।

নিজের অংশের ৬.৫ বিঘা জমির মধ্যে তিন মেয়েকে এক বিঘা করে জমি লিখে দিয়েছিলেন ছত্রপাল। পাশাপাশি, খারাপ ব্যবহারের কারণে ছেলেকে সম্পত্তি থেকে ত্যাজ্যও করেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। গত ৭ জুলাই ছত্রপালের শারীরিক অবস্থার অবনতি হলে ছেলে মহেন্দ্র লখনউয়ে এসে ভালো চিকিৎসার কথা বলে তাঁকে নিজেদের গ্রামে নিয়ে যায়। এর দুদিন পর, অর্থাৎ ৯ জুলাই ছত্রপালের মৃত্যু হয়।

মৃত্যুর পরেও ছাড় নেই!
বাবার মৃত্যুর খবর পেয়ে তিন বোন গ্রামে পৌঁছালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অভিযোগ, সেই সময়েই মৃতদেহের ওপর জোর করে সাদা কাগজে টিপসই নিচ্ছিল ছেলে মহেন্দ্র। আত্মীয়দের নজরে বিষয়টি আসার পর পরিবারের জামাই রমেশ এই নৃশংসতার কথা প্রকাশ করেন। সম্পত্তি হাতানোর এমন জঘন্য কায়দা দেখে হতবাক হয়ে গেছে গোটা এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *