মন্দিরের পেছনে পুঁতে রাখা হয়েছিল নিখোঁজ দুই যুবকের দেহ! উত্তরপ্রদেশের ঘটনায় পলাতক মহন্ত, চাঞ্চল্যকর তথ্য সামনে

উত্তরপ্রদেশের বাগপথ জেলায় ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনায় গত তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকা দুই যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাছৌড়া গ্রামের একটি মন্দিরের পিছন থেকে ওই দেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মন্দিরের পুরোহিত বা মহন্ত।

পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম অঙ্কিত (২৫) এবং ইশরার (৩২)। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। গত ২৫ জুলাই একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। ২৭ জুলাই সন্ধ্যা থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের পক্ষ থেকে ২৯ জুলাই চান্দিনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

তদন্তে নেমে পুলিশ কল রেকর্ড ও মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে যুবকদের শেষ অবস্থান ছিল ওই মন্দিরের চত্বরে। এরপর সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মন্দিরের মহন্ত নরেশ নাথের চত্বরে মাটি খুঁড়ে গতকাল মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অঙ্কিতের বোনের সঙ্গে অভিযুক্ত পুরোহিতের সম্পর্কের বিরোধকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মহন্ত পলাতক রয়েছে এবং তাকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যে থাকা আসল রহস্য উন্মোচনে ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *