সিভিক বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজই খুলবে রহস্যের জট? এনআরএসে নার্স মৃত্যুর তদন্তে নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন

এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পুরোপুরি কাটেনি ধোঁয়াশা। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যের সত্যতা সামনে আনতে এবার স্বাস্থ্য দফতরের সরাসরি হস্তক্ষেপে গঠিত হলো একটি বিশেষ তদন্ত কমিটি। ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তৈরি হওয়া এই ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি আগামী সাতদিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার এনআরএস হাসপাতালে কর্মরত ওই নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। কীভাবে এই ঘটনা ঘটল এবং সেই রাতে হাসপাতালে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খুঁজে বের করতে মরিয়া তদন্তকারীরা। স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, বিশেষ করে গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টিনেটাল ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। গত ১২ অগাস্ট সন্ধ্যা সাতটা থেকে ১৩ অগাস্ট সকাল আটটা পর্যন্ত ওই ওয়ার্ডে কারা যাতায়াত করেছিলেন এবং ঠিক কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন তদন্তকারীরা।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অতিরিক্ত মাত্রায় কোনও ওষুধের প্রয়োগের ফলেই ওই নার্সের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে চিকিৎসকদের ধারণা, মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি ফরেন্সিক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, মৃত নার্স রূপালি ঠিক কোথা থেকে ওই ইঞ্জেকশনের ভায়ল বা শিশি সংগ্রহ করেছিলেন? হাসপাতাল চত্বরে এই ধরনের সংবেদনশীল ভায়ল নেওয়ার সময় নিয়ম মেনে নির্দিষ্ট কোনো রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য তলব করেছে স্বাস্থ্যভবন। এটি নিছক আত্মহত্যা, কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে, এখন সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে বিশেষ তদন্ত কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *