অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা বাদ পড়ছেন জানুন

রাজ্যের জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১৭ অগাস্ট এই প্রকল্পের নতুন কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্ট জমা হবে। তবে একই সঙ্গে প্রকল্পের নিয়মে বেশ কিছু সংশোধনী আনার কথাও ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

টাকা ঢোকার নির্দিষ্ট দিন ঘোষণা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প চালুর পর গত জুন মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। সমস্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শেষ করে এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড় স্বস্তি গ্রামীণ মহিলাদের জন্য
নতুন ও সংশোধিত নিয়ম অনুযায়ী, গ্রামীণ এলাকার মহিলাদের জন্য বড়সড় স্বস্তি মিলছে। আগে আবেদনকারীর বাড়িতে পাকা বা নির্দিষ্ট সংখ্যক ঘর থাকা সংক্রান্ত যে কঠোর শর্তটি ছিল, তা এবার অনেকটাই শিথিল করা হয়েছে। এর ফলে আগামী মাস থেকে আরও অনেক বেশি গ্রামীণ মহিলা এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন।

কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?
নতুন নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবেদনকারী মহিলার নিজস্ব মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলে তিনি এই সুবিধা পাবেন না। তবে এখানে একটি বিশেষ ছাড় রয়েছে— পরিবারের অন্য কোনো সদস্য ১০ হাজার টাকার বেশি উপার্জন করলেও সংশ্লিষ্ট মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এছাড়া আয়করদাতা এবং সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের যোগ্য বলে গণ্য হবেন না। তবে শর্ত সাপেক্ষে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এর জন্য আবেদন করতে পারবেন। অন্য কোনো রাজ্য সরকারি ভাতা পান এমন মহিলারাও অন্নপূর্ণা যোজনা থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *