গান ছেড়ে হঠাৎ রিয়েল এস্টেটে বড় বাজি! আন্ধেরিতে বিলাসবহুল অফিস স্পেস কিনে নিলেন সোনু নিগম

প্লেব্যাক সম্রাট সোনু নিগম ফের একবার খবরের শিরোনামে, তবে এবার কোনো নতুন গান বা কনসার্টের জন্য নয়, বরং তাঁর নতুন সম্পত্তি কেনার সুবাদে। মুম্বইয়ের অন্যতম জমজমাট ও অভিজাত এলাকা আন্ধেরি ওয়েস্টে ১ কোটিরও বেশি টাকা খরচ করে একটি নতুন বাণিজ্যিক অফিস কিনেছেন এই জনপ্রিয় গায়ক। রিয়েল এস্টেট বাজারে তাঁর এই নতুন বিনিয়োগ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।
সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্ধেরি ওয়েস্টের লোকান্দওয়ালা রোডের বিখ্যাত সুন্দরবন কমপ্লেক্সে ২৫৮.৩৩ বর্গফুটের এই নতুন অফিসটি কিনেছেন সোনু। গত ৬ আগস্ট এই বাণিজ্যিক জায়গার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সম্পত্তি কেনার জন্য তিনি ‘সিঙ্গুলার হেলথ প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে চুক্তি করেছেন। অফিসটির দাম ১ কোটি টাকা হলেও, এর জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ ৬ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০ হাজার টাকা দিতে হয়েছে। সব মিলিয়ে এই নতুন ঠিকানায় গায়কের মোট খরচ হয়েছে প্রায় ১.০৬ কোটি টাকা।
মুম্বইয়ের আন্ধেরি এলাকাটিকে বিনোদন জগতের মূল কেন্দ্র বা হার্টল্যান্ড বলা হয়। এখানে বহু মিউজিক প্রোডাকশন হাউস, ফিল্ম স্টুডিও এবং বড় বড় মিডিয়া সংস্থার অফিস রয়েছে। তাই বিনোদন দুনিয়ার সঙ্গে নিবিড় যোগ রাখতে সোনুর এই বিনিয়োগকে অত্যন্ত কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসেও আন্ধেরিতে ১১ কোটিরও বেশি টাকা খরচ করে দুটি বড় বাণিজ্যিক অফিস কিনেছিলেন তিনি।
তবে শুধু আন্ধেরিতে অফিস কেনাই নয়, গত কয়েক মাস ধরেই নিজের সম্পত্তি বাড়ানোর বা বদল করার নেশায় বেশ সক্রিয় রয়েছেন এই গায়ক। চলতি বছরের মে মাসেই কারজাতে তাঁর ১.০৬৭ হেক্টরের একটি জমি ৯৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন তিনি। আবার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁর বাবা আগম কুমার নিগম মুম্বইয়ের মাধ আইল্যান্ডে ১০ কোটি টাকা খরচ করে একটি বিশাল জমি ও বাণিজ্যিক কাঠামো কিনেছিলেন। এছাড়া ২০২৫ সালে সান্তাক্রুজ ইস্ট এলাকায় ১২ কোটির বেশি মূল্যের একটি বাণিজ্যিক সম্পত্তি পাঁচ বছরের জন্য লিজ নিয়েছিলেন সোনু। একের পর এক রিয়েল এস্টেট ডিল করে গায়ক যে তাঁর ব্যবসায়িক পোর্টফোলিও বেশ শক্তপোক্ত করছেন, তা বলাই বাহুল্য।