মুখ্যমন্ত্রীর কলার বার্তার পরেও সুর নরম করলেন না অনন্ত মহারাজ! নেতাজি বিতর্ক ঘিরে তুঙ্গে শোরগোল

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করার অভিযোগে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হলেও নিজের অবস্থানে এখনও সম্পূর্ণ অনড় রয়েছেন বিজেপির অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজে থেকে কোনো মন্তব্য করেননি, বরং নথিপত্র এবং তথ্যের ভিত্তিতেই কথা বলছেন।

মুখ্যমন্ত্রীর হুশিয়ারি এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে অনন্ত মহারাজ জানান, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সঠিক এবং আইন সকলের জন্যই সমান। তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য, এটা আইন সর্বেসর্বা… আমি এটা অস্বীকার করব কী করে? কিন্তু আমি আক্রমণ কখন করলাম? আমি তো আমার একটাও কথা বলিনি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সের কথা বলছি, তথ্য যা বলছে সেটাই বলছি।”

এদিন নিজের দাবির স্বপক্ষে একটি খসড়া রিপোর্ট হাতে তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, তথ্য সামনে আনা যদি অপরাধ হয়, তবে তা কি করে ঘুরছে? সরকারের উচিত এর সত্যতা যাচাই করা। এখানেই না থেমে অনন্ত মহারাজ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, নেতাজিকে নিয়ে এই ধরনের কথা নাকি প্রথম জওহরলাল নেহরুই বলেছিলেন। তাঁর প্রশ্ন, জওহরলাল নেহরু যা বলেছেন, সেটাই যদি তিনি পুনরাবৃত্তি করে থাকেন, তবে তাতে তাঁর মিথ্যে বলার বা অপরাধ করার প্রশ্ন কোথায় আসছে?

নেতাজির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে ঘিরে বিজেপির নেতার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যজুড়ে এই বক্তব্য ঘিরে তরজা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *