পদ্মার ইলিশের প্রেমে মজেছে বাঙালি! বাজারে গিয়ে আসল পদ্মার ইলিশ চেনার জাদুকরী উপায় জানেন কি?

গঙ্গা বা রূপনারায়ণের ইলিশের যতই সুখ্যাতি থাকুক না কেন, ভোজনরসিক বাঙালির হৃদয়ে পদ্মার ইলিশের (Hilsa Fish) আবেদন একেবারেই আলাদা। ওপার বাংলার পদ্মার সুস্বাদু ইলিশ যুগ যুগ ধরে বাঙালির পাতে রাজত্ব করে আসছে। এর অতুলনীয় স্বাদ ও সুবাসের সঙ্গে অন্য কোনো মাছের কোনো তুলনাই চলে না। যদিও বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনা এবং নদীতে পর্যাপ্ত পলি জমে যাওয়ার মতো একাধিক প্রাকৃতিক কারণে পদ্মা নদীতে ইলিশের জোগান আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে।
প্রতি বছরই নিয়ম করে বাংলাদেশ থেকে এপার বাংলায় পদ্মার ইলিশ আসার ঐতিহ্য রয়েছে। দুই দেশের রাজনৈতিক সৌজন্যতার প্রতীক হিসেবে এই ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে। যদিও মাঝে কূটনৈতিক সম্পর্কের নানা ওঠানামার কারণে ইলিশ আমদানিতে কিছুটা ভাটা পড়েছিল, তবুও এবছরও সুস্বাদু পদ্মার ইলিশের স্বাদ নেওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন আপামর বাঙালি মাছপ্রেমী।
আসল পদ্মার ইলিশ চেনার সহজ উপায়
বাজারের হাজারো মাছের ভিড় থেকে নিখুঁত ও খাঁটি পদ্মার ইলিশ খুঁজে বের করা বেশ কঠিন একটি কাজ। তবে সামান্য কিছু কৌশল জানা থাকলে খুব সহজেই খাঁটি পদ্মার ইলিশ চিনে নেওয়া সম্ভব:
রঙ ও আভা: খাঁটি পদ্মার ইলিশ কিনতে হলে মাছের গায়ের চামড়ায় একটি হালকা লালচে-গোলাপি আভা (Pinkish hue) রয়েছে কি না, তা ভালোভাবে দেখে নিন।
আকৃতি ও গঠন: একটি টাটকা ইলিশের পেট এবং পিঠ—উভয় দিকই সমানভাবে বাঁকানো থাকে। এর পেটের দিকটা বেশ গোল ও মেদবহুল হয়, আর মাথা এবং লেজের দিকটা তুলনামূলকভাবে সূচালো হয়ে থাকে। দেখতে অনেকটা পটলের আকৃতির মতো লাগে।
মাথা ও কানকো: পদ্মার আসল ইলিশের মাথার দিকটা সরু হয় এবং কানকোর দিক থেকে তা ধীরে ধীরে চওড়া হতে শুরু করে।
টাটকা ইলিশ চেনার কৌশল
শুধু পদ্মার ইলিশ হওয়াই নয়, মাছটি আদৌ টাটকা কি না, তা বোঝার কিছু সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে:
তাজা ইলিশের চোখের ভেতরের অংশেও হালকা গোলাপি আভা লক্ষ্য করা যায়, যা সাধারণত অন্য কোনো সাধারণ বা সামুদ্রিক মাছে দেখা যায় না।
মাছ কাটার পর যদি টকটকে লাল রঙের তাজা রক্ত বের হয়, তবে বুঝবেন মাছটি একদম তাজা। কিন্তু রক্তের রঙ যদি কালচে বা বাদামী রঙের হয়, তবে সেই মাছ কেনা থেকে বিরত থাকুন। কারণ ওই মাছটি দীর্ঘদিন ধরে কোনো হিমঘরে (Cold storage) বা বরফে মজুত করা ছিল।
বাজার করতে যাওয়ার আগে একটু চোখ-কান খোলা রাখলেই খুব সহজে তাজা ও খাঁটি পদ্মার ইলিশ চিনে টেবিলে জমিয়ে তুলতে পারবেন বাঙালি ভোজ।