আপনি খুশি নাকি রাগী, স্পষ্ট বোঝে কুকুর! ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণায় মিলল চাঞ্চল্যকর প্রমাণ

কুকুর যে মানুষের সবচেয়ে ভালো বন্ধু এবং বিশ্বস্ত প্রাণী, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু তারা যে শুধুমাত্র মানুষের সাথে থাকে তাই নয়, মানুষের মনের ভাব এবং মুখের অভিব্যক্তিও নিখুঁতভাবে বুঝতে পারে! সম্প্রতি এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের (University of Vienna) গবেষকরা জানিয়েছেন, মানুষের সুখ, দুঃখ, আনন্দ, আতঙ্ক বা রাগের মতো ভিন্ন ভিন্ন অভিব্যক্তি মুখ দেখেই বুঝতে পারে সারমেয়রা। এই গবেষণার বিস্তারিত তথ্য বিখ্যাত ‘iScience’ জার্নালে প্রকাশিত হয়েছে।

কীভাবে চালানো হয়েছিল গবেষণা?

কুকুর ঠিক কীভাবে মানুষের আবেগ বোঝে এবং সেই সময় তাদের মস্তিষ্কের কোন অংশটি কাজ করে, তা জানতে Functional Magnetic Resonance Imaging (FMRI) প্রযুক্তির সাহায্য নেন গবেষকরা।

সাধারণত এমআরআই মেশিনের ভেতরে স্থির হয়ে থাকা মানুষের পক্ষেই কঠিন, আর কুকুরদের ক্ষেত্রে তা এক অসম্ভব চ্যালেঞ্জ ছিল। কিন্তু দীর্ঘ প্রশিক্ষণ ও ২০টি সেশনের পর মোট ১৪টি কুকুরকে সফলভাবে এই স্ক্যানিং প্রক্রিয়ার আওতায় আনা হয়। স্ক্যান চলাকালীন কুকুরগুলির সামনে বিভিন্ন আবেগপ্রবণ মানুষের ছবি তুলে ধরা হয়।

কুকুরের মস্তিষ্কে কীভাবে প্রতিক্রিয়া হয়?

গবেষণায় দেখা গেছে, মানুষের মুখের ভিন্ন আবেগের জন্য কুকুরের মস্তিষ্কের আলাদা আলাদা অংশ সক্রিয় হয়ে ওঠে:

  • হাসিখুশি মুখ: মানুষের হাসিমুখের ছবি দেখে কুকুরের মস্তিষ্কের টেম্পোরাল কর্টেক্স এবং কডেট নিউক্লিয়াস সচল হয়ে ওঠে। মানুষের ক্ষেত্রে এই অংশটি স্মৃতি তৈরি, ভাষা শিক্ষা এবং আবেগ বুঝতে সাহায্য করে।

  • দুঃখী ও ভীত মুখ: দুঃখ বা ভয়ের মুখ দেখলে কুকুরের ডান দিকের রোস্ট্রাল সুপ্রা সিলভিয়ান জাইরাস সক্রিয় হয়, যা চাক্ষুষ তথ্য প্রক্রিয়া করতে সাহায্য করে।

  • রাগী মুখ: রাগী বা আতঙ্কিত মুখ দেখলে কুকুরের মস্তিষ্কের বিশেষ কিছু সংবেদনশীল অঞ্চল এবং স্মৃতির সঙ্গে যুক্ত অংশগুলি কাজ শুরু করে দেয়।

গবেষণাপত্রের অন্যতম লেখক তথা ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাউল হার্নান্দেজ পেরেজ জানিয়েছেন, কুকুরের মস্তিষ্ক আবেগগুলোকে কেবল ইতিবাচক বা নেতিবাচক হিসেবে শ্রেণীবদ্ধই করে না, বরং অত্যন্ত সূক্ষ্মভাবে তা প্রক্রিয়া করে এবং পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। এর আগে মানুষের চোখ দেখে কুকুরেরা যে মনের ভাব বুঝতে পারে, তা প্রমাণিত হলেও নতুন এই গবেষণা পোষ্যদের বুদ্ধিমত্তা সম্পর্কে এক নতুন দিগন্ত খুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *