‘লক্ষ লক্ষ হিন্দুর ভাবাবেগে আঘাত’! ধ্রুব রাঠীর কোন ভিডিও ভারতে সরাল গুগল? জানুন নেপথ্যের চাঞ্চল্যকর কারণ

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর একটি বিতর্কিত ভিডিও এবার ভারতে নিষিদ্ধ করা হল। হিন্দু দেবদেবীদের খাদ্যাভ্যাস নিয়ে একটি ভিডিও পোস্ট করার জেরে তীব্র আইনি বিতর্কের মুখে পড়েছিল এই কনটেন্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে গুগল স্পষ্টভাবে জানিয়েছে যে, আদালতের নির্দেশ মতো ভারতে ওই ভিডিওটির প্রদর্শন সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়েছে।

আইনজীবী অমিত সচদেব ধ্রুব রাঠীর বিরুদ্ধে একটি অপরাধমূলক মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ‘Can Hindus eat BEEF? Kerala Story 2 Exposed’ শিরোনামে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটি অত্যন্ত ‘অবমাননাকর’ এবং সাম্প্রদায়িক দিক থেকে ‘স্পর্শকাতর’। ভিডিওটিতে ভগবান রাম, শ্রীকৃষ্ণ এবং সীতাকে নিয়ে বেশ কিছু ‘মিথ্যে’, ‘বিভ্রান্তিকর’ এবং ‘উস্কানিমূলক’ দাবি করা হয়েছে, যা কোটি কোটি হিন্দুর ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত হেনেছে। বাল্মীকির ‘রামায়ণে’র কিছু অংশ উদ্ধৃত করে হিন্দু দেবদেবীদের মাংস ভক্ষণের অভ্যাস ছিল বলে দাবি করা হয়েছিল ওই ভিডিওতে।

গত ১৫ জুলাই কেন্দ্রীয় সরকারের ‘গ্রিভান্স অ্যাপেলেট কমিটি’ (Grievance Appellate Committee) ২৪ ঘণ্টার মধ্যে গুগলকে ওই ভিডিওটি অপসারণের নির্দেশ দিয়েছিল। তবে গুগলের তরফে আদালতে জানানো হয়েছে, এই মুহূর্তে শুধুমাত্র ভারতের জন্যই ভিডিওটি নিষিদ্ধ বা উইথহোল্ড (Withheld) করা হয়েছে। কারণ, পৃথিবীর সর্বত্র ভিডিওটি স্থায়ীভাবে মুছে ফেলার আর্জি নিয়ে একটি মামলা এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে।

কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা সওয়াল করেন যে, যখন নির্দিষ্টভাবে ভিডিওটি নিয়ে আপত্তি তোলা হয়েছে, তখন তা সব জায়গাতেই কার্যকর হওয়া উচিত। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *