‘তুমি খুব সুন্দরী!’ মানালিকে দেখে আর থাকতে পারল না কৃষভি, ছোট্ট মেয়ের মিষ্টি কথায় ফিট নেটদুনিয়া

এখন আর সে ছোট্টটি নেই, কৃষভি এখন রীতিমতো বড় দিদি! কিছুদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোপাধ্যায়। অভিনেতা কাঞ্চন মল্লিক তৃতীয়বারের জন্য বাবা হয়েছেন। তারকা দম্পতি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আর ঘরে নতুন অতিথি আসার পর থেকেই বড় দিদির দায়িত্ব দারুণভাবে পালন করছে কাঞ্চন-কন্যা কৃষভি।
মানালিকে দেখে কৃষভির মিষ্টি মন্তব্য
সম্প্রতি ষষ্ঠী পুজোও সম্পন্ন হয়েছে। একদিকে বাড়িতে ছোট্ট ভাই ‘কৃষিভ’-কে সামলানো, অন্যদিকে ব্যস্ততার মাঝে বাবাকে শুটিং ফ্লোর থেকে বাড়ি ফিরিয়ে আনতে যাওয়ার মতো গুরুদায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছে কৃষভি। আর এই যাতায়াতের পথেই টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানালি দের সঙ্গে দেখা হয়ে যায় ছোট কৃষভির।
শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে— একটি লাল রঙের সুন্দর জামা পরে ‘সংসারের সংকীর্তন’ সিরিয়ালের সেটে হাজির হয়েছে কাঞ্চন-কন্যা। উদ্দেশ্য একটাই, বাবাকে কাজ থেকে বাড়ি নিয়ে যাওয়া। আর সেটে পৌঁছানোর পরই মানালিকে দেখে সোজা তাঁর কোলে উঠে পড়ে সে। আদর করে মানালিকে চুমুও খায় খুদে। শুধু তাই নয়, মানালিকে দেখে আধো আধো গলায় সে বলে ওঠে— ‘সুন্দরী’! কৃষভির মুখে এমন মিষ্টি কথা শুনে আদরে ভরিয়ে দেন মানালিও।
বড় দিদির রুটিন ও খুনসুটি
ভিডিওতে দেখা গিয়েছে, মানালির সঙ্গে কিছুটা খুনসুটি করার পর বাবার কোলে চড়েই হাসিমুখে বাড়ির পথে রওনা দেয় কৃষভি। কদিন আগেও সে ছিল ঘরের একমাত্র রাজকন্যা, কিন্তু এখন বাড়িতে ছোট ভাই আসায় তার রুটিনে এসেছে বড় বদল। তবে ভাই আসার আনন্দে এবং বড় দিদির দায়িত্ব পালনে যে সে বেশ বেজায় খুশি, তা তার হাসিমুখেই স্পষ্ট। কাজের ফাঁকে পরিবারের এই ছোটখাটো মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।