‘TMC-দের জন্য সব করে দেবেন!’ অভিষেকের বিদেশযাত্রার অনুমতি মিলতেই BJP-কে নিয়ে বিস্ফোরক পোস্ট শ্রীলেখার

সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মেজাজেই একের পর এক পোস্ট করে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত পোস্টার হাতে নিয়ে মিছিলে হাঁটার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছিল। এমনকি তাঁর বাড়ির সামনে বিক্ষোভও দেখান বিজেপি সমর্থকরা। তবে এসব বিতর্কে যে তিনি একচুলও দমার পাত্রী নন, তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। আর এবার সুপ্রিম কোর্ট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতেই, সোশ্যাল মিডিয়ায় সরাসরি বিজেপি সমর্থকদের একহাত নিলেন শ্রীলেখা।
ঠিক কী লিখেছেন শ্রীলেখা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা সংক্রান্ত একটি খবরের লিঙ্ক শেয়ার করে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘অভিষেক বাঁ চোখ দেখাতে বিদেশ যেতে পারছে সুপ্রিম কোর্ট? ভালো টিএমসিদের জন্য সব করে দেবেন। আর দোষ করল শুধু আমার চশমা। অঞ্চন দত্ত চশমা খসে গেলে একা মুশকিলে পড়েন না! এফআইআর আর নব্য বিজেপির পা চাটা ওয়ালো…।’ অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সুপ্রিম কোর্টে অভিষেকের বিদেশযাত্রা ও আইনি লড়াই
প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে আদালতে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, একবার বিদেশে যাওয়ার অনুমতি পেলে তিনি দেশে নাও ফিরতে পারেন। তাই ভারতেই তাঁর চোখের চিকিৎসা করানোর দাবি তোলা হয়েছিল। যদিও অভিষেকের আইনজীবীরা পাল্টা জানান যে, এর আগেও তিনি ১৫ বার বিদেশ গিয়েছেন এবং প্রতিবারই ফিরে এসেছেন। তিনি দেশের সাংসদ এবং তাঁর পরিবার ভারতেই থাকে। সমস্ত সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্ট অভিষেককে তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি দিয়েছে। তবে শর্ত হিসেবে তাঁকে যাওয়া-আসার ফ্লাইট ডিটেইলস, হাসপাতালের নাম এবং বিদেশে থাকার সঠিক ঠিকানা পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রীলেখার পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া
অভিনেত্রীর এই পোস্টের কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর অনুগামী ও নেটিজেনরা। এক অনুরাগী মন্তব্য করেন, “দূর সব সেটিং করা।” আবার অন্য একজন লেখেন, “তুমিও বিজেপিতে গেলে ওরা লুফে নেবে। এটা নিন্দুকেও জানে। মাথা নত করো নি এটা দোষের।”
উল্লেখ্য, যন্তর মন্তরে পড়ুয়াদের ওপর লাঠিচার্জের প্রতিবাদের একটি মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। সেখানে তাঁর হাতে থাকা একটি পোস্টারে প্রধানমন্ত্রী মোদীর একটি বিকৃত কার্টুন থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ৪০টিরও বেশি থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয়। সে সময় শ্রীলেখা দাবি করেছিলেন যে, তিনি চশমা না পরায় পরিষ্কার দেখতে পাননি এবং পোস্টারটি না বুঝেই হাতে নিয়েছিলেন। টলিপাড়ার গণ্ডি পেরিয়ে রাজনৈতিক মহলেও সেই বিতর্ক চরম আকার ধারণ করেছিল, যার রেশ কাটতে না কাটতেই এবার অভিষেকের ইস্যুকে সামনে রেখে ফের সরব হলেন এই অভিনেত্রী।