ইলিশের দাম আকাশছোঁয়া? চিন্তা নেই! সস্তায় কাতলা মাছ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কাতলা ভাপা’, রইল রেসিপি

ইলিশ ভাপার নাম শুনলেই খাদ্যরসিক বাঙালির জিভে জল আসে। ভাতের সঙ্গে গরম গরম ইলিশ ভাপা মানেই এক অন্য তৃপ্তি। শুধু বাড়িতেই নয়, বিভিন্ন অনুষ্ঠানবাড়িতেও এই পদের দারুণ চল রয়েছে। তবে বছরের সবসময় সব জায়গায় ভালো ইলিশ পাওয়া যায় না। উপরন্তু, যেভাবে ইলিশের দাম হু-হু করে বাড়ছে, তাতে সাধারণ মধ্যবিত্তের পাতে ইলিশ তুলে দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে চিন্তা কী? ইলিশের স্বাদ না মিললেও, সস্তা ও সুস্বাদু কাতলা মাছ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় লোভনীয় ‘কাতলা ভাপা’। সামান্য কিছু উপকরণ এবং কম সময়েই তৈরি হয়ে যায় এই পদ।

প্রয়োজনীয় উপকরণ:
কাতলা মাছ (পরিমাণমতো পিস)

সর্ষে বাটা

নারকেল বাটা

টক দই

কাঁচালঙ্কা

হলুদ গুঁড়ো

নুন ও সর্ষের তেল

রান্নার সহজ প্রণালী:
মাছ ভাজা: প্রথমে কাতলা মাছের টুকরোগুলিতে পরিমাণমতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। খুব কড়া করে ভাজবেন না, নরম রাখলেই স্বাদ ভালো হবে।

মশলা প্রস্তুত: একটি পাত্রে মিহি করে বাটা সর্ষে এবং কাঁচালঙ্কা একসঙ্গে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন বেশ খানিকটা মিহি করে বাটা নারকেল।

মিশ্রণ তৈরি: এবার সর্ষে ও নারকেল বাটার মিশ্রণের মধ্যে কয়েক চামচ ফেটানো টক দই এবং সামান্য কাঁচা সর্ষের তেল যোগ করুন। স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।

ভাপানোর প্রস্তুতি: এবার একটি টিফিন বক্স বা স্টিলের পাত্রে ভাজা মাছগুলি সাজিয়ে রাখুন। মাছের ওপর তৈরি করা সর্ষে-নারকেলের মিশ্রণটি ঢেলে ভালো করে মাছে মেখে দিন। ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন।

শেষ পর্ব: একটি বড় কড়াই বা পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে মাছের পাত্রটি বসিয়ে (ওয়াটার বাথ বা ভাপা পদ্ধতিতে) ঢাকনা দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট ভাপিয়ে নিন। নামানোর আগে ওপর থেকে চেরা কাঁচালঙ্কা ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ‘কাতলা ভাপা’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *