১৭ অগাস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন, কাদের আবেদন হতে পারে রিজেক্ট?

গত ১০ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করার কথা ছিল। সেই বৈঠকে ঘোষণা করার কথা ছিল যে, অগাস্ট মাসে ঠিক কারা এই প্রকল্পের আর্থিক সাহায্য পাবেন এবং কাদের নাম বাদ যাচ্ছে। কিন্তু অনিবার্য কারণে সেই প্রেস কনফারেন্স না হওয়ায় বহু উপভোক্তার মধ্যেই তৈরি হয়েছে ধন্দ ও হতাশা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন— চলতি মাসে আদৌ টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো? টাকা পেলে কারা পাবেন আর কারা বঞ্চিত হবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
টাকা ঢুকতে কেন দেরি হচ্ছে?
ক্ষমতায় আসার আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প চালু করেন। ইতিমধ্যে জুন এবং জুলাই মাসে ১ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের ৩,০০০ টাকা করে পেয়েও গিয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, জুন মাসে প্রায় ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেলেও, জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ১৯ লক্ষেরও বেশি। তবে এর পাশাপাশি একটি বড় অংশের আবেদন নানা কারণে বাতিল হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। এই পরিস্থিতির জেরে শুরু হয় রি-ভেরিফিকেশন বা পুনরায় তথ্য যাচাইয়ের কাজ। আবেদনকারীদের নাম ‘আন্ডার ইনকোয়ারি’ রেখে নতুন করে নথি খতিয়ে দেখার কাজ এখনও পুরোপুরি শেষ না হওয়ায় চলতি মাসের শুরুতে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
১৭ অগাস্ট থেকে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
প্রশাসন সূত্রে যে তথ্য সামনে আসছে, তাতে স্পষ্ট—
-
যাঁরা অন্নপূর্ণা যোজনার প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়েছিলেন, অথচ এ মাসে পাননি, তাঁরাই ১৭ অগাস্ট সবার আগে টাকা পাবেন। তাঁদের ক্ষেত্রে ১৭ অগাস্ট টাকা ঢুকে যাওয়া একপ্রকার নিশ্চিত।
-
এ ছাড়াও, যাঁরা গত ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, যাঁদের সমস্ত নথি সঠিক রয়েছে এবং যাঁদের আবেদনপত্র গ্রহণ (Approved) করা হয়েছে, তাঁরাও ১৭ অগাস্ট থেকেই টাকা পেতে শুরু করবেন।
সবার কি ১৭ অগাস্টই টাকা ঢুকবে?
না, সবাই একসঙ্গে ১৭ অগাস্ট টাকা পাবেন না। প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ১৭ থেকে ৩১ অগাস্টের মধ্যে ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
কাদের টাকা পেতে দেরি হতে পারে?
যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের টাকা পেতে কিছুটা সময় লাগবে। কারণ এই সমস্ত নতুন আবেদনকারীদের ভেরিফিকেশনের কাজ এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে।
কারা অন্নপূর্ণার টাকা পাবেন না?
নিচের কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না এবং তাঁদের আবেদন পুরোপুরি বাতিল (Rejected) করা হবে:
-
যাঁরা ভারতের স্থায়ী নাগরিক নন।
-
যাঁর নাম এসআইআর (SIR)-এ নেই।
-
যাঁরা আবেদনে ভুল তথ্য দিয়েছেন।
-
যাঁরা তথ্য লুকিয়ে জালিয়াতির চেষ্টা করেছেন।
তাই আপনার নথিপত্র সঠিক থাকলে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে থাকলে চলতি মাসের শেষের মধ্যেই আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা চলে আসার সম্ভাবনা প্রবল।