জাতীয় দলে কামব্যাক নিয়ে বড় আপডেট দিলেন ভুবি! অভিজ্ঞ পেসারকে দলে ফেরানোর দাবি তুললেন অশ্বিনও

জাতীয় দলের রাডার থেকে দীর্ঘ দিন ধরে দূরে রয়েছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। কিন্তু সাম্প্রতিক আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে তাঁর দাপুটে পারফরম্যান্স দেখে ক্রিকেটপ্রেমীদের মনে ফের প্রশ্ন জাগছে— তবে কি ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2027) দেখা যাবে ভুবিকে? বিশেষ করে জাসপ্রিত বুমরার বারবার চোটগ্রস্ত হয়ে পড়ার কারণে অনেকেই জাতীয় দলে ভুবনেশ্বরের মতো অভিজ্ঞ বোলারের ফেরার জোরালো দাবি তুলছেন।

কী বললেন ভুবনেশ্বর কুমার?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে খেলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ৩৬ বছর বয়সি এই তারকা পেসার। ভুবনেশ্বর জানান, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করা যে কোনও ক্রিকেটারের কাছেই সর্বোচ্চ সম্মানের বিষয়।

দলে ফেরা প্রসঙ্গে ভুবি বলেন, ‘আমার কাছে যদি একটা ফোন আসে, তাহলে সঙ্গে সঙ্গেই আমি প্রস্তুত থাকব। সত্যি বলতে আমি জানি না আদৌ আমি কতটা তৈরি দলে ফেরার জন্য। আমার পেশাই ক্রিকেট খেলা। তার জন্যই আমি ইউপি টি-টোয়েন্টি লিগে খেলতে এসেছি।’ বর্তমানে ফিটনেস বজায় রেখে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেই নিজের সেরাটা দেওয়া তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। বয়স বাড়লেও তাঁর সুইং যে আজও বিপক্ষ ব্যাটারদের ত্রাস হতে পারে, তা আইপিএলেই প্রমাণিত হয়েছে।

ভুবির সমর্থনে মুখ খুলেছেন অশ্বিনও

এর আগে ভুবনেশ্বর কুমারকে জাতীয় দলে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছিলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ভুবনেশ্বরকে সমস্ত ধরনের ফরম্যাট এবং ঘরোয়া ক্রিকেটে (যেমন বিজয় হাজারে ট্রফি) খেলানো উচিত, যাতে ২০২৭ বিশ্বকাপের আগে তিনি সেরা ছন্দে থাকতে পারেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার যে ভুবির মতো অভিজ্ঞ পেসারের অভিজ্ঞতা কাজে লাগবে, সে কথাও জোরালোভাবে তুলেছিলেন অশ্বিন। এখন দেখার, নির্বাচকদের মন জয় করে দীর্ঘ দিন পর নীল জার্সিতে ভুবনেশ্বরের কামব্যাক ঘটে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *