কেটে গিয়েছে দুটি বছর! অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শহর জুড়ে স্মরণসভা, পুনর্তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দীর্ঘ দুটি বছর। কিন্তু আজও মনের ক্ষত শুকায়নি, বিচার যেন এখনও সম্পূর্ণ অধরা। একমাত্র দোষী সঞ্জয় রায় সাজা পেলেও সেই ভয়ংকর রাতের আসল সত্য এবং বাকি অপরাধীরা আড়ালেই রয়ে গিয়েছে—এই অভিযোগে রবিবার শহরের বুকে ফের একবার জোরালো প্রতিবাদের ঝড় উঠল। কলেজ স্ট্রিট থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রান্ত—সর্বত্রই শোনা গেল ‘জাস্টিস ফর অভয়া’ স্লোগান।

রাজ্যজুড়ে অভয়া স্মরণ ও দুই মিনিটের নীরবতা
রবিবার কলকাতার কলেজ স্ট্রিটে ‘অভয়া মঞ্চ’-এর পক্ষ থেকে ‘অভয়া ক্লিনিক’ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি, সরকারিভাবেও রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে অভয়ার স্মরণে দুই মিনিটের নীরবতা পালন করা হয়।

এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত্ত মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন, “সেই রাতে যাঁরা যাঁরা তাঁর সঙ্গে ডিউটিতে বা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলা হবে এবং তলব করা হবে। স্বাস্থ্য দফতর এককভাবে এই পৃথক তদন্ত শুরু করেছে।”

পানিহাটির স্মরণসভা থেকে মুখ্যমন্ত্রীর পুনর্তদন্তের নির্দেশ
একা স্বাস্থ্য দফতর নয়, অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে আয়োজিত এক স্মরণসভা থেকে এই ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের পরই নতুন সরকার ক্ষমতায় এসে ‘অভয়া ফাইল’ পুনরায় খোলার প্রতিশ্রুতি দিয়েছিল। রবিবার সেই প্রতিশ্রুতি রক্ষা করে কড়া হুশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অভয়াকে আমরা ভুলিনি। এই ধরনের নৃশংস ঘটনায় রাজনীতি, ধর্ম বা সম্প্রদায়ের কথা ভাবব না। চোখ বন্ধ করে যত কঠোর শাস্তি দেওয়া যায়, আমি তা-ই দেব। ১৯৯৫ সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় ওঁর চিঠির পরিপ্রেক্ষিতে আমি পুনরায় তদন্তের ঘোষণা করে গেলাম।”

তবে আদালতের নির্দেশ অনুযায়ী ধর্ষণ-খুনের মামলা, আরজি কর ভাঙচুর এবং আর্থিক দুর্নীতির তদন্তভার ইতিমধ্যে সিবিআইয়ের (CBI) হাতে থাকায় রাজ্য পুলিশের সেখানে সরাসরি ঢোকার আইনি সুযোগ নেই বলে জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী জানান, “একটি জায়গা আমি খুঁজে পেয়েছি, যেখানে রাজ্য পুলিশের আইনিভাবে তদন্ত করার সম্পূর্ণ সুযোগ রয়েছে, আর তা হলো— শ্মশানঘাট।” শেষ দেখে ছাড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *