দেশের ৪টি হাইকোর্টে বড় রদবদল সুপ্রিম কোর্টের! দেখে নিন নতুন প্রধান বিচারপতিদের সম্পূর্ণ তালিকা

দেশের বিচারব্যবস্থায় বড়সড় রদবদল আনল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়াম দেশের চারটি হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে চর্চায় রয়েছে কলকাতা হাইকোর্টের নাম। সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী, বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস রবীন্দ্র ভিঠালরাও ঘুগে-কে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
কোন হাইকোর্টে কার নাম সুপারিশ করল কলেজিয়াম?
সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সাম্প্রতিক সুপারিশ অনুযায়ী দেশের চার হাই কোর্টের শীর্ষ পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
-
কলকাতা হাইকোর্ট: বম্বে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস রবীন্দ্র ভিঠালরাও ঘুগে-কে কলকাতার স্থায়ী প্রধান বিচারপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
-
বোম্বে হাইকোর্ট: এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির দায়িত্বে থাকা জাস্টিস মহেশ চন্দ্র ত্রিপাঠী-কে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করা হয়েছে।
-
পাটনা হাইকোর্ট: দিল্লি হাইকোর্টের বিচারক জাস্টিস ভি. কামেশ্বর রাও-কে বদলি করে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
-
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট: এই আদালতের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস অশ্বিনী কুমার মিশ্র-কেই এবার ওই একই আদালতের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
কেন্দ্রের অনুমোদনের অপেক্ষা
বর্তমানে দেশের ২৫টি হাইকোর্টের মধ্যে ৭টি হাই কোর্টই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। সাম্প্রতিক অবসর ও সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদোন্নতির কারণে বোম্বে, কলকাতা, জম্মু ও কাশ্মীর-সহ লাদাখ, মধ্যপ্রদেশ, পাটনা, পাঞ্জাব ও হরিয়ানা এবং রাজস্থান হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি ছিলেন না।
সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এই প্রস্তাবগুলি এখন অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের সবুজ সঙ্কেত মিলে বিজ্ঞপ্তি জারি হলেই এই নিয়োগগুলি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে মনে করছে আইনি মহল।