UPI পেমেন্ট কি আর ফ্রি থাকছে না? লোকসভায় বিল পাসের পরই বড় ঘোষণা করল পেমেন্টস কাউন্সিল!

ইউপিআই (UPI) লেনদেনে চার্জ এবং মার্চেন্ট ফি বসানো নিয়ে দেশজুড়ে চলা জল্পনার মাঝেই বড় ঘোষণা করল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI)। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা সর্বদা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। পাশাপাশি, ছোট ব্যবসায়ীদেরও ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না।

সম্প্রতি লোকসভায় ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পাশ হওয়ার পরই ইউপিআই লেনদেন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ওই বিলটি ভয়েস ভোটের মাধ্যমে পাশ হওয়ার পর পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) তাদের এক্স (X) হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি পরিষ্কার করেছে।

পিসআই (PCI)-এর বক্তব্য কী?
কাউন্সিলের স্পষ্ট ব্যাখ্যা, মার্চেন্ট সার্ভিস চার্জ হলো মূলত বড় ব্যবসায়ী এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যকার একটি বাণিজ্যিক চুক্তি। এর জেরে কখনই সাধারণ গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারের জন্য পকেট থেকে টাকা খরচ করতে হবে না। ২০১৬ সালে পথ চলা শুরু করা ইউপিআই আজ বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে। এই বিশাল পরিকাঠামো টিকিয়ে রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধের মতো ক্ষেত্রে নিয়মিত বিনিয়োগ প্রয়োজন হয়, যা বর্তমানে ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলিই বহন করে চলেছে।

লোকসভায় পাশ হওয়া সংশোধনী বিল ও MDR চার্জ
লোকসভায় পাশ হওয়া সংশোধনী বিলটি সরকারকে ২,০০০ টাকার বেশি বাণিজ্যিক ইউপিআই লেনদেনের উপর ০.২৫% থেকে ০.৪% পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আরোপ করার ক্ষমতা প্রদান করেছে। তবে এটি সম্পূর্ণভাবে বাণিজ্যিক লেনদেন বা বড় ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। এর ফলে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেনে কোনো প্রভাব পড়বে না।

ছোট ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর
ইউপিআই পরিকাঠামোকে দেশের ক্ষুদ্রতম ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য রেখেই তা তৈরি করা হয়েছিল। সেই কারণে পেমেন্টস কাউন্সিল জোর দিয়ে জানিয়েছে যে, সারা দেশের ছোট দোকানদারদের ইউপিআই পেমেন্ট নেওয়ার জন্য কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা ফি দিতে হবে না। ছোট ব্যবসায়ীদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রেখেই এই পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছে কাউন্সিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *