বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কি তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির তাণ্ডব?

ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর জেরে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের শঙ্কা
হাওয়া অফিসের বুলেটিন সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বায়ুমণ্ডলের উপরিস্তরের এই ঘূর্ণাবর্তের প্রভাবে খুব শীঘ্রই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, এই সিস্টেমটি শনিবারের মধ্যেই একটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। ইতিমধ্যেই কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির প্রাদূর্ভাব শুরু হয়ে গিয়েছে।
কোন জেলাগুলিতে কী সতর্কতা?
-
রেড অ্যালার্ট (লাল সতর্কতা): মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
-
ইয়েলো অ্যালার্ট (হলুদ সতর্কতা): আজকের দিনে মোট ৭টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া। এছাড়া আগামী রবিবারও মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে।
শক্তিশালী বর্ষা ও সুপার টাইফুন ডলফিনের প্রভাব
স্যাটেলাইট চিত্র (INSAT-3DS) অনুযায়ী, মধ্য ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশ জুড়ে ভারী মেঘের আস্তরণ রয়েছে, যা আগামী কয়েক সপ্তাহ পূর্ব ভারতে শক্তিশালী বর্ষার ইঙ্গিত দিচ্ছে। তবে আবহাওয়াবিদরা কিছুটা সতর্কতার সুরও চড়িয়েছেন। তাঁদের নজরে রয়েছে ‘সুপার টাইফুন ডলফিন’। এই শক্তিশালী টাইফুনের প্রভাবে বৃহৎ আকারের বায়ুমণ্ডলীয় সঞ্চালনে পরিবর্তন আসতে পারে। যার জেরে বঙ্গোপসাগরের ওপর কনভেকশন প্রক্রিয়া কিছুটা দুর্বল হয়ে পড়লে মৌসুমি নিম্নচাপ তৈরির স্বাভাবিক প্রক্রিয়া সামান্য বিলম্বিত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।