আগামী ১০ আগস্ট বিরাট ঘোষণা! অন্নপূর্ণা যোজনার যোগ্যদের তালিকা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

অবশেষে অপেক্ষার অবসান! অগস্ট মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র টাকা। নবান্ন থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে এই সরকারি সাহায্য পৌঁছে যাবে। এর পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত এই টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১০ আগস্ট বড় ঘোষণা ও যোগ্যদের তালিকা প্রকাশ
টাকা বিতরণের এই নির্দিষ্ট দিনের পাশাপাশি আগামী ১০ আগস্ট, সোমবার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। ওই দিন সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার জন্য ঠিক কারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, “১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন জমা পড়েছে এবং যাঁরা যোগ্য, তাঁদের অ্যাকাউন্টেই প্রথম দফায় টাকা ঢুকবে। কারা এই সুবিধার জন্য বিবেচিত হবেন এবং এর শর্তগুলি কী কী, তা সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।”
আবেদন ও ভেরিফিকেশনের পরিসংখ্যান
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে যে বিপুল উৎসাহ দেখা গেছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গত জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন ও অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া সমস্ত ফর্ম পোর্টালে আপলোড এবং ভেরিফিকেশনের কাজ বর্তমানে দ্রুত গতিতে চলছে।
মুখ্যমন্ত্রী জানান, এর আগে নবান্ন থেকে ২৮ লক্ষ এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল। এরপর নতুন করে ৩১ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পে রাজ্যজুড়ে মোট ২ কোটি ১৬ লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন। স্বচ্ছতা বজায় রেখে এবং নির্দিষ্ট নিয়ম মেনে যোগ্য উপভোক্তাদের হাতেই যাতে এই সরকারি সাহায্য পৌঁছে যায়, সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে।