বিয়ের ৫ মাস কাটতে না কাটতেই ভাঙছে সংসার! বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় রণজয় ও শ্যামৌপ্তির টলিপাড়া

ফের একবার টলিপাড়ার অন্দরে এক জনপ্রিয় তারকাজুটির সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। মাসকয়েক আগেই ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, তাঁদের সেই সংসার নাকি ভাঙনের মুখে! ভ্যালেন্টাইন্স ডে-র দিন টলিপাড়ার তাবড় তারকার উপস্থিতিতে যে রাজকীয় বিয়ে হয়েছিল, তার মাত্র পাঁচ মাসের মাথায় এই বিচ্ছেদের খবর রীতিমতো হতবাক করার মতো।

বিয়ের মাত্র ৫ মাসেই ডিভোর্সের জল্পনা!
চলতি বছরের অর্থাৎ ২০২৬ সালের ভ্যালেন্টাইন্স ডে-র দিন মহাসমারোহে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণজয় ও শ্যামৌপ্তি। তবে এর আগেই তাঁদের আইনি বিয়ে সেরে ফেলা হয়েছিল, যা পুরোপুরি গোপন রেখেছিলেন দুই তারকা। বিয়ের দিন সকালে গায়ে হলুদ থেকে শুরু করে একই দিনে জাঁকজমকপূর্ণ বিয়ে ও রিসেপশন— সব মিলিয়ে জীবনের এই বিশেষ দিনে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু সেই খুশির রেশ কাটতে না কাটতেই সম্পর্কের ভাঙন নিয়ে শুরু হয়েছে ফিসফাস।

আপাতত এই বিচ্ছেদ বা ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। অন্যদিকে, শ্যামৌপ্তি মুদলিও বিষয়টিকে সরাসরি না স্বীকার করেছেন, না অস্বীকার। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলাকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই বিষয়ে তিনি এই মুহূর্তে কোনো ‘মন্তব্য করতে চান না’।

ঠিক কী কারণে এই দূরত্ব?
হঠাৎ কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা এখনও স্পষ্ট নয়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সাংসারিক জীবনের কিছু ছোটখাটো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির জন্যই নাকি সম্পর্কে এই টানাপোড়েন। আবার টলিপাড়ার একাংশের কানাঘুষো, এই বিচ্ছেদের নেপথ্যে রয়েছে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ!

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে নিজের ক্যাসানোভা স্বভাব এবং সম্পর্কের ভাঙন নিয়ে এর আগেও বারবার শিরোনামে এসেছেন রণজয়। শ্যামৌুপ্তির আগে দীর্ঘ সময় অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। এছাড়া অভিনেতার প্রাক্তনী তালিকায় নাম রয়েছে অন্তরা চৌধুরী, শিবাঙ্গী শর্মা, সায়ন্তনী গুহঠাকুরতা, প্রিয়াঙ্কা মণ্ডল ও অস্মিতা মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের। এমনকি সোহিনীর বিয়ের ঠিক পরপরই রণজয়ের একাধিক প্রাক্তনী তাঁর বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলেছিলেন।

বর্তমান কেরিয়ার
কাজের সূত্রে, বর্তমানে স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণজয়, যেখানে তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিকা মালাকারকে। এর আগে ‘গুড্ডি’ সিরিয়ালের শ্যুটিংয়ের সময় থেকেই শ্যামৌপ্তির সঙ্গে তাঁর বন্ধুত্বের শুরু এবং পরবর্তীতে প্রেম। যদিও দীর্ঘ সময় তাঁরা নিজেদের সম্পর্ককে নিছক ‘ভালো বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। এবার এই বিচ্ছেদ বা ডিভোর্সের গুঞ্জন কতটা সত্য, তা সময় বা দুই তারকার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *