ভিনরাজ্যে রক্ত ও প্লাজমা পাচারের কালোবাজারি! কলকাতার ৬ ব্লাড ব্যাঙ্কে কড়া নজর রাজ্যের

হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার আরও ৬টি নামী ও গুরুত্বপূর্ণ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে গুরুতর বেনিয়মের অভিযোগ সামনে এল। রক্ত এবং প্লাজমা ভিনরাজ্যে পাচারসহ একাধিক চাঞ্চল্যকর অভিযোগে এবার এই ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।

ড্রাগ কন্ট্রোলের রাডারে থাকা ব্লাড ব্যাঙ্কগুলির তালিকা
রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)-এর পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে যে ৬টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, সেগুলি হল:

অশোক ব্লাড ব্যাঙ্ক (যোধপুর পার্ক)

ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার (সোনারপুর)

ওম ব্লাড সেন্টার (বেলেঘাটা)

কোঠারি মেডিক্যাল ব্লাড সেন্টার (আলিপুর)

পিপলস ব্লাড ব্যাঙ্ক (হাজরা)

লাইফ কেয়ার (এন্টালি)

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রক্ত সংগ্রহ, মজুত রাখা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় তা পাঠানো সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমনকি তাদের কার্যকলাপে গুরুতর গাফিলতিরও প্রমাণ মিলেছে।

ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কী কী চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে?
রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)-এর তরফে জমা পড়া অভিযোগে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাদের প্রধান অভিযোগগুলি হল:

অবৈধ পাচার: এসবিটিসি (SBTC) বা এনবিটিসি (NBTC)-কে না জানিয়ে গোপনে ভিনরাজ্যে রক্ত ও প্লাজমা পাচার করা।

ভুয়া কর্মী ও চিকিৎসক: ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের চিকিৎসক, নার্স বা টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া এবং ভুয়া ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা করা।

বাণিজ্যিকিকরণ ও দুর্নীতি: রক্ত সংগ্রহের নামে ক্লাবের পেছনে লক্ষ লক্ষ টাকা ওড়ার পাশাপাশি রক্তের লোভে অতিরিক্ত ক্যাম্প করা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি রক্ত সংগ্রহ করা।

নথি জালিয়াতি: স্বাস্থ্য ভবনে বিকৃত এবং ভুয়ো নথি জমা দেওয়া।

নিরাপত্তার সঙ্গে আপস: সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের শরীর থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া এবং রেকর্ডে ‘ফ্রি’ (Free) লিখে রোগীদের কাছ থেকে চড়া দামে রক্ত বিক্রি করা।

সর্বোপরি, রক্তের গুণমান এবং রক্তদাতা ও গ্রহীতাদের জীবনের নিরাপত্তার সঙ্গে মারাত্মক আপস করার অভিযোগ রয়েছে।

পরবর্তী পদক্ষেপ
অবিলম্বে এই ৬টি ব্লাড ব্যাঙ্কে বিশেষ অভিযান চালিয়ে লাইসেন্স ও অন্যান্য আইনগত দিক খতিয়ে দেখে যথাযথ কঠোর পদক্ষেপ করার জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছে এসবিটিসি (SBTC)। এই চাঞ্চল্যকর দুর্নীতির জেরে কলকাতার স্বাস্থ্য ও ব্লাড ব্যাঙ্ক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *