কয়লা থেকে মাসে ৭০০ কোটি টাকা ট্যাক্স! সরকার বদলের পরেই বড় তথ্য ফাঁস করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

রাজনৈতিক পটপরিবর্তনের পরেই রাজ্যের রাজস্ব আয়ে এক বিরাট ফারাক এসেছে বলে দাবি করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মঙ্গলবার পর্যটন দপ্তরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন যে, বর্তমান সরকার আসার পরেই কয়লা খাদানগুলি থেকে প্রতি মাসে প্রায় ৬৫০ থেকে ৭০০ কোটি টাকা পর্যন্ত ট্যাক্স বা রাজস্ব আদায় হচ্ছে, যা বিগত সরকারের আমলে সম্পূর্ণ শূন্য ছিল!
ঠিক কী বলেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো?
অনুষ্ঠান মঞ্চ থেকে সাংসদ বলেন, “পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকার নিতুরিয়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চল এলাকায় বড় পরিসরে কয়লা উত্তোলন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই সেই কয়লা অত্যন্ত সুকৌশলে বেআইনিভাবে পাচার হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ ছিল। এই খাতের দুর্নীতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে, পূর্ববর্তী সরকার এই বেআইনি পাচারের বিষয়ে সম্পূর্ণ চোখ বন্ধ করে রেখেছিল। এমনকি এই অনিয়মের জেরে কেন্দ্রের একাধিক সংস্থাকে মামলা করতে হয়, যার ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল রাজ্য।”
এরপরই বর্তমান সরকারের কৃতিত্ব তুলে ধরে তিনি দাবি করেন, “রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই গোটা চিত্রটা বদলে গিয়েছে। পুরুলিয়া ও আসানসোলের কয়লা অঞ্চল থেকে বর্তমানে নিয়মিতভাবে মাসে ৬৫০ থেকে ৭০০ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ফলে কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচার এবং খাদ্য দপ্তরের দুর্নীতি রোধে একাধিক কঠোর পদক্ষেপ করা হয়েছে।”
এদিন ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে সাংসদ স্পষ্ট করে দেন যে, স্বচ্ছ ও আইনানুগভাবে ব্যবসা করলে কারো কোনো সমস্যা হবে না। কিন্তু সরকারের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করে কোনো রকম বেআইনি বা অসৎ কাজ করলে তা বর্তমান সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।